ইয়াঙ্গুন, মঙ্গলবার ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘূর্ণিঝড় দুর্গত মিয়ানমারে যাচ্ছে ত্রাণবাহী আরও দুটি মার্কিন বিমান। মঙ্গলবারেই এ দুটি ফ্লাইট মিয়ানমারে পৌঁছার কথা। এর আগে সেখানে পৌঁছেছে মার্কিন ত্রাণবাহী 'অ্যামেরিকান সি-৩০' সামরিক পরিবহন বিমান।কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিদেশি ত্রাণকর্মীদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যেতে দিচ্ছে না।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য সাহায্য সরবরাহে কঠোর বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে আন্তর্জাতিক ত্রাণসংস্থাগুলোর সাহায্যকর্মীরা। মেডিসিনস স্যান্ট ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, চিকিৎসা ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে প্রথম মার্কিন বিমানটি সোমবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবতরণ করেছে। কিন্তু সাহায্যকর্মীদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাওয়াডি ডেলটায় যেতে ক্রমাগত বাধা দেওয়া হচ্ছে।
মারাত্মক ক্ষতিগ্রস্ত অঞ্চল বোগোয়ালেতেও জরুরি চিকিৎসা ও অন্যান্য মানবিক সেবা দিতে পারছে না কর্মীরা। মিয়ানমার জান্তা বিদেশি সাহায্য অনুমোদন করলেও বিপর্যস্ত ৫ টি এলাকায় এই সাহায্য বিতরণে তারা বিদেশি কর্মীদের অনুমোদন দিচ্ছে না।
অবিলম্বে আন্তর্জাতিক সাহায্য গ্রহণ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার মিয়ানমার জান্তা সরকারের নিন্দা জানিয়েছেন।
থাই বিমান ঘাঁটি থেকে সোমবার ঘূর্ণিঝড় দূর্গতদেও জন্য পানি, মশারি, কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমারে রওনা হয় প্রথম মার্কিন ত্রাণবাহী বিমান। এই ফ্লাইট মিয়ানমারে পৌঁছানোর পরই সেখানে যাচ্ছে আরও দুটো ফ্লাইট।
বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে যে ত্রাণ পাঠানো হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। যদিও মিয়ানমারে ত্রাণ সরবরাহ শুরু হওয়াটা পরিস্থিতি উন্নতির লক্ষণ।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ত্রাণ যাদের প্রয়োজন তাদের এক তৃতীয়াংশেরও কম লোকের কাছে তা পৌছাচ্ছে। আর সবচে বেশী দূর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোও একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার মিয়ানমার টেলিভিশন জানিয়েছে, ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১, ৯৩৮ এ। আর ২৯ হাজার ৭৭০ জন এখনও নিখোঁজ। অন্যদিকে, ত্রাণ সংস্থাগুলো বলছে, ঘূর্ণিঝড়ে ১ লাখ লোক নিহত হয়েছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।
মিয়ানমারে সাইক্লোন নার্গিস আঘাত হানার ৯ দিন পরও উদ্বাস্তু হয়ে আছে বহু মানুষ। অস্থায়ী ক্যাম্পে আশ্রয় খোঁজার চেষ্টায় আছে তারা। দূর্গত এইসব মানুষের জন্য ১৮৭ মিলিয়ন ডলার সাহায্যেও আবেদন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত ওইসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় এবং চিকিৎসা সাহায্য দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০০ঘ.
bdnews24