ওয়াশিংটন, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের ৪০ টিরও বেশি উন্নয়নশীল দেশ পরমাণু শক্তি কর্মসূচি চালু করতে চায়। এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে তারা জাতিসংঘ কর্মকর্তাদের শরণাপন্ন হয়েছে। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা সোমবার এ খবর দিয়েছে।
উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো এই পরমাণু শক্তি কর্মসূচি চালু করতে আগ্রহী। কিন্তু পরমাণু অস্ত্র বিস্তার বিষয়ক বিশেষজ্ঞদের কাছে এটি উদ্বেগের ব্যাপার। কারণ, তাদের মতে, এই কর্মসূচি কোনো কোনো দেশে পরমাণু অস্ত্রভান্ডার তৈরির হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে।
ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, অর্থনৈতিক কারণ বিশেষত, জৈব জ্বালানির উচ্চমূল্যের কারণে বিভিন্ন দেশ পরমাণু শক্তির প্রতি আগ্রহী হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশ যাদের তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিরাট মজুদ রয়েছে, যেমন, কুয়েত, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত - এসব দেশও পরমাণু শক্তির বিষয়টি নিয়ে আংশিক চিস্তা ভাবনা করছে। ভবিষ্যতে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কাই এর কারণ।
পরমাণু প্রযুক্তি বিস্তার তদারককারী ঊর্ধ্বতন এক মার্কিন সরকারি কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) পোস্ট পত্রিকাকে বলেছেন, "ইরানের দেখাদেখি কিছু দেশ পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে দেখে আমরা উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৬ঘ.
bdnews24