বৈরুত, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে সরকার সমর্থকদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাধ্যমে দখলে নেওয়া এলাকা থেকে হিযবুল্লাহ সরে যাওয়ার পর রোবাবার সেখানে টহল দিচেছ সেনাবাহিনী।
তবে এর আগের রাতে লেবাননের উত্তরাঞ্চলে সরকার সমর্থক ও বিরোধীদের সধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া রোববার দেশটির পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে গত পাঁচ দিনের সহিংসতায় এ পর্যন্ত ৪৪ জন নিহত ও ১২৮ জন আহত হয়েছে।
হিযবুল্লাহ'র বিরুদ্ধে ব্যাবস্থা নিতে শনিবার সরকাররে দুটি আদেশ সেনাবাহিনী প্রত্যাখ্যান করায় এবং সেনাবাহিনী হিযবুল্লাহ সমর্থকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর তারা দখলে নেওয়া এলাকা ছেড়ে দেয়। তবে হিযবুল্লাহ জানিয়েছে তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল নাগরিককে সরকারকে অসহযোগিতা করার জন্য তারা প্রচারণা চালিয়ে যাবে।
হিযবুল্লাহ ও তার সহযোগী যোদ্ধাদের বৈরুতের মুসলিম অধ্যুষিত অঞ্চল দখল করে নেওয়াকে গত শুক্রবার "সশস্ত্র এবং রক্তাক্ত অভ্যুত্থান" বলে অভিহিত করে লেবানন সরকার।
যুক্তরাষ্ট্র হিযবুল্লাহ'র সঙ্গে ইরান এবং সিরিয়ার সম্পর্ক রয়েছে জানিয়ে বলেছে, এই সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্যান্য বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে তারা।
১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর এটাই লেবাননের সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। লেবানন সরকার হিযবুল্লাহ'র সামরিক যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। হিযবুল্লাহ সরকারের ওই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে।
সংঘর্ষে অংশ নেওয়া সরকার সমর্থকদের বেশির ভাগই সুন্নি নেতা সাদ আল-হারিরি'র অনুসারী। তবে তারা তাদের অস্ত্র এবং কার্যালয়গুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৯ ঘ.
bdnews24