২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর বিদ্রোহীদের হামলার মুখে খার্তুমে কারফিউ জারি

সুদানের রাজধানী খার্তুমের একটি উপশহরে শনিবার দারফুর অঞ্চলের বিদ্রোহীদের হামলার পর খার্তুমে রাতভর কারফিউ জারি করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

খার্তুম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের রাজধানী খার্তুমের একটি উপশহরে শনিবার দারফুর অঞ্চলের বিদ্রোহীদের হামলার পর খার্তুমে রাতভর কারফিউ জারি করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খার্তুমের পশ্চিমাঞ্চলে শনিবার ভীষণ গোলাগুলির শব্দ শোনা গেছে। হেলিকপ্টার ও সেনাযান সেদিকে যেতে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, "খাতুম জুড়ে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এবং সেটা আজ (শনিবার) থেকে কার্যকর হবে।" প্রত্যক্ষদর্শী ও আঞ্চলিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, খার্তুমের সীমান্তবর্তী উত্তর করদোফান রাজ্যে শুক্র ও শনিবার সেনাবাহিনীর সঙ্গে দারফুর বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া পশ্চিম ওমদুরম্যান থেকে এক এলাকাবাসী রয়টার্সকে ফোন করে বলেন, "এখানে ভীষণ গোলাগুলি হচ্ছে এবং আমরা সবাই সন্ত্রস্ত হয়ে পড়েছি।" তিনি যখন টেলিফোনে কথা বলছিলেন তখন সেখান থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। খার্তুমের পশ্চিমের উপশহর এলাকা ওমদুরম্যানের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, একটি জঙ্গি হেলিকপ্টর ও সেনাবাহিনীর ১০টি মেশিনগান সজ্জিত ট্রাক সেখান দিয়ে যেতে দেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩২ ঘ.