২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির আগ্নেয়গিরির উদ্গীরণে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

চিলির পাতাগোনিয়ায় চেইতেন আগ্নেয়গিরির কয়েকদিন ধরে উদ্গীরিত ছাই-ভস্ম-গলিত লাভা আকাশে জমা হয়ে পর্বতপ্রমাণ একটি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। প্রায় ১২ কিলোমিটার উচ্চতার এ স্তম্ভ ভেঙ্গে পড়তে শুরু করলে ওই অঞ্চলে মারাত্মক দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 07:39 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

পুয়ের্তো মন্ত, চিলি, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির পাতাগোনিয়ায় চেইতেন আগ্নেয়গিরির কয়েকদিন ধরে উদ্গীরিত ছাই-ভস্ম-গলিত লাভা আকাশে জমা হয়ে পর্বতপ্রমাণ একটি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। প্রায় ১২ কিলোমিটার উচ্চতার এ স্তম্ভ ভেঙ্গে পড়তে শুরু করলে ওই অঞ্চলে মারাত্মক দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছেন বিজ্ঞানীরা। চিলি সরকারের ভূতত্ত্ব ও খনিজ সংস্থার বিজ্ঞানী এবং আগ্নেয়গিরি বিশেষজ্ঞ লুই লারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগ্নেয়গিরিটির উদ্গীরিত ছাই-ভস্ম-গলিত লাভা বাতাসের মধ্যে ৭ দশমিক ৫ মাইল বা ১২ কিলোমিটার উঁচু স্তম্ভ আকারে জমা হয়েছে এবং একটা জটিল সংকটময় পর্যায়ে আছে। একইসঙ্গে তিনি আরও জানান, এই ভস্ম যদি নিচে পড়ে তবে তা উষ্ণ গ্যাস, ছাই এবং গলিত পাথরের লাভা ছড়িয়ে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে ফেলবে এবং এতে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। চিলি সরকার চেইতেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে রক্ষা করার জন্য হাজার হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে। কয়েক হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো আট দিন আগে চেইতেনে অগ্ন্যুপাত শুরু হয়। বিজ্ঞানী লারা বলেছেন, "আগ্নেয়গিরির উদ্গীরিত ছাই-ভস্মের এই কয়েক দিন ধরে জমা হয়ে একই অবস্থায় থাকার জটিল বৈশিষ্ট্যের কারণে আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছি।" আগ্নেয়গিরির ওই স্তম্ভ যদি ধীরে ধীরে নিচের দিকে ভেঙ্গে পড়ে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আর যদি ছাই ভস্ম ছড়িয়ে যেয়ে পাশ্ববর্তী চেইতেন শহরে গিয়ে পড়ে তবে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩০ ঘ.