বৈরুত, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিনদিনের লাগাতার সহিংসতার মধ্য দিয়ে শুক্রবার হিযবুল্লাহ ও তার সহযোগী যোদ্ধাদের বৈরুতের মুসলিম অধ্যুষিত অঞ্চল দখল করে নেওয়াকে "সশস্ত্র এবং রক্তাক্ত অভ্যুত্থান" বলে অভিহিত করেছে লেবাননের সরকার।
লেবাননে গত তিন দিনে হিযবুল্লাহ ও তাদের সহযোগী গ্র"পগুলোর যোদ্ধা এবং সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছেন।
ওদিকে, যুক্তরাষ্ট্র হিযবুল্লাহ'র সঙ্গে ইরান এবং সিরিয়ার সম্পর্ক রয়েছে জানিয়ে বলেছে, এই সহিংসতার জন্য দায়ীদেও বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্যান্য বিশ্ব শক্তি গুলোর সঙ্গে আলোচনা করবে তারা।
১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর এটাই লেবাননের সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননের সরকার হিযবুল্লাহ'র সামরিক যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। হিযবুল্লাহ সরকারের ওই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছে।
এই সংঘর্ষে অংশ নেওয়া সরকার সমর্থকদের বেশির ভাগই সুন্নি নেতা সাদ আল-হারিরি'র অনুসারী। তবে তারা তাদের অস্ত্র এবং কার্যালয়গুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। সংঘর্ষের তিন দিন সেনাবাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, "এ সশস্ত্র গ্র"পগুলোর বেআইনি কার্যক্রম মোকাবেলায় লেবানন সরকারকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কি করতে পারে" এ বিষয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসন্ত্রী কন্ডোলিৎসা রাইস জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং সৌদি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন।
ওই মুখপাত্র বলেন, "হিজবুল্লাহর সঙ্গে ইরান এবং সিরিয়ার সম্পর্কের অস্তিত্ব সম্বন্ধে আমরা জানি এবং বর্তমান সংকটে তারা নিজেদের উপস্থাপন করা শুরু করেছে।"
তিনি আরও বলেন, "আমরা এখন সিরিয়ার সঙ্গে সম্পর্কের প্রমাণ দেখতে পাচ্ছি এবং তারা সংঘর্ষকে উস্কে দেওয়ার জন্য অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে।"
অন্যদিকে সিরিয়া একে লেবাননের অভ্যন্তরীণ বিষয় বললেও ইরান এ সহিংসতার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানিয়েছে, সকল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিমানবন্দর সড়কসহ সকল সড়ক অবরোধ অব্যাহত রাখবে তারা।
তিনি বলেন, "ইস্যুগুলো আন্তঃসম্পর্কিত। যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বৈরুত অচল করে রাখা হবে।"
তবে সরকার সমর্থক এক প্রভাবশালী নেতা উভয়পক্ষকে আলোচনা বসার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৩ ঘ.
bdnews24