ইয়াঙ্গুন, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুর্ণিঝড় দুর্গতদের জন্য মিয়ানমার আন্তর্জাতিক সাহায্য গ্রহণ করবে তবে বিদেশি ত্রাণর্কর্মীদের তাদের ভূখণ্ডে ঢুকতে দেবে না। সাহায্য ও উদ্ধারকর্মীদের নিয়ে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করা কাতারের একটি বিমান ফিরিয়ে দেওয়ার পর শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় মায়ানমা আহলিন সংবাদপত্রে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "মিয়ানমার এই মুহূর্তে বিদেশি উদ্ধারকর্মীদের গ্রহণ করার মতো অবস্থানে নেই।"
এতে আরও বলা হয়, "সরকার বরং এখন বিদেশি ত্রাণ সাহায্য গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং দুর্গত এলাকায় নিজেদের ত্রাণকর্মীরাই সেগুলো বিতরণ করবে।"
এতে বলা জানানে হয়, ইয়াঙ্গুনে বৃহস্পতিবার অবতরণ করা বিদেশি ত্রাণবাহী ১২টি বিমানের একটি ছিল কাতারের বিমান।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ধীরগতির উদ্ধার ও ত্রাণ তৎপরতা এবং বিদেশি ত্রাণবাহী বিমান অবতরণ ও ত্রাণকর্মীদের ভিসা প্রদানে বিলম্বের কারণে মিয়ানমারের জান্তা সরকারের ওপর জনগণের ক্ষোভ বাড়ছে।
গত শনিবারের ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পার হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে আশঙ্কা করা হচ্ছে এই বিপর্যয়ে প্রায় ১ লাখ লোক নিহত হয়ে থাকতে পারে। যদিও সরকারি হিসাব মতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ২৩ হাজার এবং নিখোঁজ আছে ৪২ হাজারের বেশি মানুষ।
নার্গিসের আঘাতে দেশটির নিম্নাঞ্চল ইরাবতী ব-দ্বীপের শহরগুলোর পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত কৃষি খামার ও গ্রামগুলোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার পর্যন্তও ঝড়ের কবল থেকে বেঁচে যাওয়া লোকজনকে জরুরি ত্রাণের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদ মিয়ানমারের জান্তা সরকারের জরুরি সাহায্য গ্রহণের ধীরগতি ও বিলম্বে অনুমতি প্রদান প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "সহযোগিতা গ্রহণের বিষয়ে মিয়ানমারের সরকারের সাড়া দেওয়ার ধীর গতিতে আমরা মর্মাহত হয়েছি।"
তিনি বলেন, "এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দেশটির সরকারের সামর্থ্য যে সীমিত সেটা পরিষ্কার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.
bdnews24