এভারেস্ট বেইজ ক্যাম্প, চীন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতি নারীর হাত দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছাল অলিম্পিক মশাল। বিশ্ব পরিভ্রমণ শেষে চীনে ফেরত আসা অলিম্পিক মশাল নিয়ে বৃহস্পতিবার এভারেস্টের চূড়ায় আরোহণ করে চীনের একদল পবর্তারোহী। তবে বেইজিং অলিম্পিক নিয়ে রাজনীতি করার জন্য চীনের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে পর্বতারোহীরা 'তিব্বত দীর্ঘজীবি হোক' ও 'বেইজিং দীর্ঘজীবি হোক' বলে শ্লোগান দেয়। এছাড়া এভারেস্টের চূড়ায় দাড়িয়ে পর্বতারোহীরা 'তাসি দেলেক' বলে শ্লোগান দেয়। তিব্বতি শব্দ দুটির অর্থ 'সবকিছু ভালভাবেই হোক'। এ সময় তারা সেখানে চীনের জাতীয় পতাকা ও অলিম্পিকের লোগো আঁকা পতাকা উড়িয়ে দেন। অলিম্পিক মশাল নিয়ে ৮,৮৪৮ মিটার উচু এভারেস্টের চূড়ায় উঠতে তাদের সময় লাগে সাত ঘণ্টা।
অলিম্পিক মশাল নিয়ে হিমালয়ের চূড়ায় উঠে তিব্বতের দ্বিতীয় নারী পর্বতারোহী গুইসাং বলেন, "আমি সত্যিই খুবই রোমাঞ্চিত। অলিম্পিকের মশাল নিয়ে এভারেস্টের চূড়ায় উঠতে পেরে আমি সত্যিই খুশি।"
জেনারেল এ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্স্টস এর ডেপুটি ডিরেক্টর হু জিয়ায়েন বলেন, "আজকের এই সাফল্য শুধু পর্বতারোহীদের সাফল্য নয়, এটা চীনবাসীর সাফল্য।"
অলিম্পিক মশালকে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় নেওয়ার এই উচ্চাভিলাষী লক্ষ্য তিন মাস আগে অলিম্পিক মশালের বিশ্ব ভ্রমণের শুরুতেই নেওয়া হয়। বিশ্ব ভ্রমণকালীন বিভিন্ন দেশে তিব্বতপন্থিদের প্রতিবাদের মুখে পড়ে অলিম্পিক মিছিল। এভারেস্টের চূড়ায় অলিম্পিক মশাল নেওয়ারও নিন্দা জানিয়েছে তিব্বতপন্থিরা।
স্টুডেন্টস ফর এ ফ্রি টাইবেট সংগঠনের ডেপুটি ডিরেক্টর তেনজিন দর্জি নিউ ইয়র্ক থেকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বলেন, "অলিম্পিক মশালকে এভারেস্টের চূড়ায় তুলে চীন একে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চাইছে। এর মাধ্যমে তারা তিব্বতের ওপর চীনের কতৃত্ব প্রামাণ করতে চাইছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৮ ঘ.
bdnews24