২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যাভাব ও রোগের হুমকিতে মিয়ানমারের ঘূর্ণিঝড় দুর্গতরা

রোগ-বালাই, ক্ষুধা, তৃষ্ণার বড় ধরনের হুমকির মুখে পড়েছে মিয়ানমারের ঘূর্ণিঝড় দুর্গত অগণিত মানুষ। ত্রাণসংস্থাগুলো বুধবার একথা জানিয়েছে। একইসঙ্গে তারা মিয়ানমারে আন্তর্জাতিক মানবিক ত্রাণসাহায্য সরবরাহের দ্বার খুলে দেওয়ার জন্য দেশটির সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ইয়াঙ্গুন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রোগ-বালাই, ক্ষুধা, তৃষ্ণার বড় ধরনের হুমকির মুখে পড়েছে মিয়ানমারের ঘূর্ণিঝড় দুর্গত অগণিত মানুষ। ত্রাণসংস্থাগুলো বুধবার একথা জানিয়েছে। একইসঙ্গে তারা মিয়ানমারে আন্তর্জাতিক মানবিক ত্রাণসাহায্য সরবরাহের দ্বার খুলে দেওয়ার জন্য দেশটির সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে। ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫শ জনে। নিখোঁজ রয়েছে আরও ৪১ হাজার মানুষ। আর ঝড়ে বেঁচে যাওয়া অসংখ্য মানুষকে থাকতে হচ্ছে খোলা আকাশের নীচে। ক্ষুধা, তৃষ্ণায় কাতর এইসব মানুষের মধ্যে রোগ-বালাই ছড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহি পরিচালক অ্যান ভেনেম্যান এক বিবৃতিতে বলেছেন, এ পরিস্থিতিতে শিশুদেরই রোগাক্রান্ত হওয়ার এবং অনাহারে থাকার ঝুঁকি বেশি। বাঁচার জন্য তাদের অবিলম্বে সাহায্য দরকার। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ এবং নোংরা পানির কারণে দুর্গত মানুষদের মধ্যে কলেরা এবং ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি থেকে লোকজনদের রক্ষায় ত্রাণকার্যক্রম চালাতে দেওয়ার ব্যাপারে মিয়ারনমারের কঠোর সেনাশাসন শিথিলের আহ্বান জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। জাতিসংঘের 'ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম' ইতোমধ্যেই ইয়াঙ্গুনে চাল সরবরাহ শুরু করেছে। থাইল্যাণ্ড থেকে প্রাথমিকভাবে ১ কোটিরও বেশি ডলারের বিদেশি সাহায্য পৌঁছেছে। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই সাহায্য বিতরণের গতি মন্থর। বুধবার ভারত থেকে আরও দুটি ফ্লাইটে ত্রাণ পৌঁছানোর কথা রয়েছে মিয়ানমারে। ইউনিসেফ দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বলে জানিয়েছে। ফ্রান্স জানিয়েছে, এত বড় একটি বিপর্যয়ের পরও মিয়ানমার জান্তা ত্রাণ পাঠানোর ওপর মাত্রাতিরিক্ত শর্ত আরোপ করছে। জাতিসংঘ ত্রাণ সাহায্য দেওয়ার দ্বার খুলে দিতে মিয়ানমার সরকারকে অনুররোধ জানিয়েছে। মিয়ানমার সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা জানান, তারা বলছে, "আমাদেরকে অর্থ দিন। আমরাই তা বিতরণ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১২৪৫ ঘ.