২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ ক্যারোলাইনায় ওবামার জয়, ইন্ডিয়ানায় জয়ী হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন লাভের লড়াইয়ে নর্থ ক্যারোলাইনার প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা। অন্যদিকে, ইন্ডিয়ানায় সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 04:57 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ওয়াশিংটন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন লাভের লড়াইয়ে নর্থ ক্যারোলাইনার প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা। অন্যদিকে, ইন্ডিয়ানায় সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি। আগস্টে পার্টির মনোনয়ন কনভেনশনের আগে এটিই দুই প্রার্থীর জন্য সর্বশেষ বড় দুই প্রাইমারি। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নে পার্টির সিদ্ধান্তে সহায়ক হবে এই দুই অঙ্গরাজ্যের ফলাফল। বিশ্লেষকদের মতে, এই দুই প্রাইমারিতে হেরে গেলে হিলারি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যেতেন। কিন্তু ইন্ডিয়ানায় সামান্য ব্যবধানে জয়ী হয়ে হিলারি এ যাত্রায় টিকে গেলেন। আর প্রচারাভিযান জিইয়ে রাখতে হিলারি আরও ৬ দশমিক ৪ মিলিয়ন ডলার ঋণ করেছেন বলে জানা গেছে। নর্থ ক্যারোলাইনার ভোট গণনায় দেখা গেছে, ওবামা স্পষ্টতই হিলারির চেয়ে এগিয়ে গেছেন। ওবামা পেয়েছেন ৫৬ শতাংশ ভোট আর হিলারি পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ওদিকে, ইন্ডিয়ানায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন হিলারি, ওবামা পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। হিলারি এই অঙ্গরাজ্যে আরও বেশি ব্যবধানে জয়ী হওয়ার আশা করলেও তা হয়নি। তারপরও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ওদিকে, বুথফেরত সমীক্ষার হিসেবে ওবামা নর্থ ক্যারোলাইনার আফ্রিকান আমেরিকান ভোটারদের ৯০ শতাংশের সমর্থন পেয়েছেন। আর হিলারি পেয়েছেন ৫৮ শতাংশ শেতাঙ্গের ভোট। দুই প্রাইমারিতে ভোটের ফলে দেখা যাচ্ছে, ওবামাকে টপকে যাওয়ার সবচে ভালো সুযোগটাও হারিয়েছেন হিলারি। ওদিকে, গত মাসে পেনিসেলভেনিয়ায় বড় ধরনের পরাজয়ের পর আবার ১৪ পয়েন্ট বেশি পেয়ে নাটকীয়ভাবে ওপরে উঠে এসেছেন ওবামা। হিলারিকে হারাতে এই জয় ওবামার জন্য সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ ঘ.