২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা প্রায় ২২,৫০০; নিখোঁজ ৪১ হাজার

১২০ মাইল বেগে শনিবার ভোরে মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে সাড়ে ২২ হাজার হয়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছে অনেকে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও ৪১ হাজার মানুষ। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। একইসঙ্গে তারা জানিয়েছেন, উপকূলীয় প্রত্যন্ত গ্রামগুলোয় উদ্ধার কাজ শুরু হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ইয়াঙ্গুন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১২০ মাইল বেগে শনিবার ভোরে মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে সাড়ে ২২ হাজার হয়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছে অনেকে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও ৪১ হাজার মানুষ। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। একইসঙ্গে তারা জানিয়েছেন, উপকূলীয় প্রত্যন্ত গ্রামগুলোয় উদ্ধার কাজ শুরু হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ এ পরিবেশের কারণে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, ১০ মে'র নির্ধারিত সাংবিধানিক গণভোট ঘূর্ণিঝড় নার্গিসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাবেক রাজধানী ইয়াঙ্গুন এবং ইরাবতী ব-দ্বীপের আশপাশের এলাকার জন্য ২৪ মে পর্যন্ত স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য এলাকায় তা ১০ তারিখেই অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে ধ্বংসাত্মক এ ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতির বিস্তারিত হিসাব দিতে গিয়ে মঙ্গলবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইয়াঙ্গুনের ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমের বোগালে শহরেই মারা গেছে ১০ হাজার মানুষ। প্রসঙ্গত, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ১৫৫ মাইল বেগে বাংলাদেশে আঘাত হানা এক প্রবল ঘূর্ণিঝড়ে এক লাখ ৪৩ হাজার লোক নিহত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন বলেন, ঘূর্ণিঝড়ে ইরাবতী ব-দ্বীপ এলাকায় ১৪,৮৫৯ জন এবং ইয়াঙ্গুন বিভাগে ৫৯ জন নিহত হয়েছে। এর আগে মঙ্গলবারই ব্যাংককে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর থাই পররাষ্ট্রমন্ত্রী নোপ্পাদোল পাত্তামা সাংবাদিকদের জানান, শনিবারের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর আরও ৪১ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে তাকে জানানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়ে উইন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানানোর পর তিনি বলেন, "আমাদের ধারণার চেয়ে অনেক বেশি প্রাণহানি ও ক্ষয়-ক্ষতি হয়েছে।" জাতিসংঘের সাহায্য বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, ঘণ্টায় ১২০ মাইল বেগের বাতাস এবং ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে গৃহহীন হয়ে পড়া মানুষের সংখ্যা কয়েক লাখ। ওদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানার চারদিন বাদে মঙ্গলবারও বিদ্যুৎহীন রয়েছে মিয়ানমারের প্রধান বাণিজ্যিক নগরী ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন। এছাড়া, ৫০ লাখ লোকের বসতিপূর্ণ এ নগরীর বাসিন্দারা এখন রয়েছেন বিশুদ্ধ পানির তীব্র সংকটে। পাশাপাশি খাদ্যদ্রব্য, জ্বালানি ও নির্মাণ সামগ্রীর দাম আকাশচুম্বি হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে এসব ঘূর্ণিঝড় দুর্গতদের। মঙ্গলবার নাগাদ ইয়াঙ্গুন নগরীর অধিকাংশ দোকানের মোমবাতি ও ব্যাটারি বিক্রি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, এদিন একটা ডিম গত শুক্রবারের চেয়ে তিনগুণ বেশি দামে ক্রয় করতে হয়েছে বাসিন্দাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫০ ঘ.