সার্বিয়া, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভোর স্বাধীনতায় ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকার পরও ইইউ এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে সার্ব জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তাদিক পশ্চিমাপন্থি দলের নেতাও। গত সপ্তাহে তিনি জাতীয়তাবাদীদের আপত্তির মুখেও কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করাকে সমর্থন দেন।
সোমবার রাষ্ট্রীয় কৌসুলির কার্যালয় জানায়, "তাদিক যে হত্যার হুমকি পাচ্ছেন তা আমরা জানি। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রেসিডেন্টকে রক্ষায় এবং দুস্কৃতকারীদের চিহ্নিত করতে সম্ভাব্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।"
তবে প্রেসিডেন্টের কার্যালয় তাদিককে হত্যার হুমকির ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সার্বিয়ার দৈনিক ব্লিক একটি উড়ো চিঠির বার্তা উদ্ধৃত করে বলেছে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তাদিককে মাথায় গুলি খেয়ে মরতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৫ঘ.
bdnews24