২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা প্রায় চার হাজার

প্রবল ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার একথা জানিয়েছে। ঘূর্ণিঝড় নার্গিস গত শনিবার ভোরে ১২০ মাইল বেগে আঘাত হানে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়ুঙ্গনসহ ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ইয়াঙ্গুন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার একথা জানিয়েছে। ঘূর্ণিঝড় নার্গিস গত শনিবার ভোরে ১২০ মাইল বেগে আঘাত হানে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়ুঙ্গনসহ ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে। রাষ্ট্রীয় এমআর টেলিভিশন জানায়, এ পর্যন্ত ৩,৯৩৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, আহত হয়েছে ৪১ জন এবং নিখোঁজ রয়েছে ২,৮৭৯ জন। এর আগে রোববার রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড়ে নিহত হয়েছে ৩৫১ জন। তবে সে সময় জানানো হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং সেখানকার হতাহতের সংখ্যা জানা যায়নি। উদ্ধার ও জরুরি সাহায্য সংস্থাগুলো সোমবার জানিয়েছে, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিতে হয়েছে কয়েক লাখ অসহায় মানুষকে। দুর্গত এলাকায় এছাড়া খাবার ও জ্বালানির দাম বেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইরাবতি ব-দ্বীপ অঞ্চলের পাঁচটি রাজ্যকে শনিবার দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে সরকার। তবে দেশটির সেনা শাসিত সরকার এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানায়নি। ক্যাটাগরি ৩ মাত্রার ঘূর্ণিঝড়টি শনিবার ভোরের দিকে ১২০ মাইল বেগে ইয়াঙ্গুন ও এর আশপাশের অঞ্চলে আঘাত হানে। এতে দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের অসংখ্য ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সাবেক রাজধানী ইয়াঙ্গুনের ঝড় পরবর্তী অবস্থাকে 'যুদ্ধ বিধ্বস্ত এলাকা'র সঙ্গে তুলনা করছেন অনেকে। ইয়াঙ্গুনভিত্তিক একজন কূটনীতিক ব্যাংককে রয়টার্সকে ই-মেইলে শনিবার জানান, "ইয়াঙ্গুন সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত এলাকায় রূপ নিয়েছে। এখানকার সব রাস্তায় গাছ-পালা পড়ে আছে। বিদ্যুতের খুঁটিগুলো পড়ে গেছে। হাসপাতালগুলো বিধ্বস্ত হয়েছে। আর ঘাটতি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির।" নার্গিসের তাণ্ডবে ৫০ লাখ লোকের বসতি ইয়াঙ্গুনের অনেক মজবুত ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ইয়াঙ্গুন নগরীর আশপাশের ঘনবসতিপূর্ণ অনুন্নত শহর এলাকাগুলোয় আরও বেশি ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে। ইয়াঙ্গুনে বসবাসরত অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, "আমি কখনো এ ধরনের ঘূর্ণিঝড় দেখিনি। এটা আমাকে যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটরিনার কথা স্মরণ করিয়ে দিয়েছে।" ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে রোববার আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসছে এবং ইয়াঙ্গুনের আকাশে সকালে সূর্যের দেখাও মিলেছে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও এখন দুর্যোগ মোকাবেলার কঠিন পরীক্ষার মুখে পড়েছে নগরবাসীরা। মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক নগরীর বিদ্যুৎ এবং পানি সংকট চরম আকার ধারণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আমরা কখন পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে পারব তা বলা কষ্ট। আমাদেরকে এখনও আবর্জনা পরিষ্কার করতে হবে।" জাতিসংঘের দুর্যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারের ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে আরও কয়েক দিন সময় লাগবে। জাতিসংঘের আরেকজন কর্মকর্তা শনিবার জানান, সরকারকে সাহায্যের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জান্তা সরকার এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.