তেহরান, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব শক্তিগুলোর কাছ থেকে ইরান খুব শিগগিরি পরমাণু কর্মসূচি পরিহারের বিনিময়ে নতুন প্যাকেজ প্রস্তাব পাবে। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। কিন্তু এই প্যাকেজ প্রস্তাবে ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা ক্ষীণ।
লন্ডনে এক বৈঠকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইরানকে আনুষ্ঠানিকভাবে প্যাকেজ প্রস্তাব কখন দেওয়া হবে-- এ প্রশ্নের জবাবে ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা বলেন, " আমার মনে হয় ইরান জলদিই তা পাবে।"
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন, রাশিয়া এবং জার্মানি গত শুক্রবার লন্ডনে এক বৈঠকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করাতে নতুন সাহায্য প্যাকেজ প্রস্তাব দিতে একমত হয়। এ মুহূর্তে তারা ইরানকে অবিলম্বে ওই প্রস্তাব দেওয়ার বিষয়টি পুনপর্যালোচনা করে দেখছে বলে জানান ওই কর্মকর্তা।
ওদিকে, বিশ্ব-শক্তিগুলোর সুযোগ-সুবিধার নতুন এই প্রস্তাবের মুখেও ইরান সোমবার পরমাণু কর্মসূচি বন্ধের সম্ভাবনা নাকচ করেছে। তারা বলেছে, বিশ্ব শক্তিগুলোর সাহায্য কিংবা সুযোগ-সুবিধার এমন কোনো প্রস্তাব তারা বিবেচনা করবে না যাতে ইরানের আণবিক প্রযুক্তির অধিকার লঙ্ঘিত হয়।
পশ্চিমাদের অভিযোগ, ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচির লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন করা। একইসঙ্গে ইরান আরও বলছে, ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচি তাদের একটি জাতীয় অধিকার এবং তারা এটি পরিহার করবে না।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি বলেন, "ইরানি জাতির অধিকার লঙ্ঘন করে এমন কোনো সাহয্য প্রস্তাব পর্যালোচনা করবে না তেহরান।"
ছয় বিশ্বশক্তি এর আগে ২০০৬ সালে ইরানকে ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিতের শর্ত জুড়ে দিয়ে একটি প্যাকেজ প্রস্তাব করেছিল। ইরান তখন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24