শিকাগো, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বাবা, মায়ের সিজোফ্রেনিয়া, বিশেষত, মায়ের মানসিক সমস্যা থাকলে শিশুদের আত্মসংবৃতি বা অটিজমের ঝুঁকি দ্বিগুণ হয়। 'আমেরিকার একাডেমি অব পেডিয়ট্রিকস' প্রকাশিত 'জার্নাল পেডিয়াট্রিকসে' সোমবার প্রকাশিত নতুন একটি গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অটিজম যে বংশগত হতে পারে এই গবেষণা তাই নির্দেশ করে।
গবেষক দলের সদস্য নর্থ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির জুলি ড্যানিয়েল এক বিবৃতিতে বলেন, "আমাদের গবেষণায় এটাই প্রতীয়মান হয়েছে যে, বাবা অথবা মায়ের সিজোফ্রেনিয়া শিশুর আত্মসংবৃতির সম্ভাবনা দ্বিগুণ করে।"
তিনি বলেন, "আমরা অটিজমে আক্রান্ত শিশুদের মায়েদের মধ্যে উচ্চ হারে হতাশা এবং মানসিক ভারসাম্যহীনতা দেখেছি।"
গবেষণাটি সুইডেনে ১৯৭৭ সাল থেকে ২০০৩ সালের মধ্যে জন্মগ্রহণ করা শিশুদের পরিবারের মধ্যে করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে, এদের মধ্যে ১ হাজার ২২৭ জন অটিজমে আক্রান্ত এবং অটিজমে আক্রান্ত না এমন প্রায় ৩১ হাজার শিশুর সঙ্গে এদের তুৃলনা করা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন'র তথ্য মতে, সামাজিক মিথস্ক্রিয়া, যোগাযোগের অনীহা বা রুক্ষ আচরণ অটিজমের লক্ষণ।
কেউই বলতে পারে না অটিজমের কারণ কি। তবে গবেষকরা ধারণা করছেন, এর জন্য হয়তো কোনো জিন বা পরিবেশগত কারণ দায়ী। কিছু কিছু অটিজম পরামর্শক মনে করেন, এর পেছনে শৈশবের টিকাদানের ভূমিকা রয়েছে। তবে বেশির ভাগ বিশেষজ্ঞ একে অসম্ভব বলছেন।
মানসিক অসুস্থতার পেছনে কোন জিন রয়েছে গবেষণা থেকে তা কিছুটা বোঝা গেছে। ড্যানিয়েল বলেন, "আগের গবেষণা থেকে দেখা গেছে সাধারণ মানুষের চেয়ে আত্মসংবৃত শিশুদের পরিবারের মানসিক ভারসাম্যহীনতার হার বেশি।"
অটিজমের সঙ্গে বাবা-মায়ের পানাসক্ততা বা মাদকাসক্ততা বা অন্যান্য মানসিক সমস্যারও কিছু সম্পর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৬ ঘ.
bdnews24