ব্রাসিলিয়া, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় ১১০ জন আরোহী নিয়ে রোববার ভোরে আমাজন জঙ্গলের সোলিমোয়েস নদীতে একটি নৌকা ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, নৌকাটি ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি আরোহী নিয়ে যাত্রা করায় এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা একথা জানিয়েছেন।
মানাকাপুরু শহরের দমকল বিভাগের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটি আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৫০ মাইল দূরে সোলিমোয়েস নদীতে সকাল ৬ টার আগে ডুবে যায়।
তিনি বলেন, নৌকাটি একটি উৎসবে অংশ নেওয়া মানুষদের নিয়ে ফিরছিল।
আমাজোনাস রাজ্যের দমকল বাহিনীর কমান্ডার কর্নেল আন্তানিও ডিয়াস মানাউস থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক নিখোঁজ রয়েছেন।
ওদিকে সিবিএন রেডিও সূত্রে জানা গেছে, নৌকাটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ৫০ জন। কিন্তু ডুবে যাওয়ার সময় তাতে প্রায় দেড়শ' যাত্রী ছিল।
ডিয়াস বলেন, ১৬ জন ডুবুরিসহ ৪৩ জন দমকলকর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এ কাজ শেষ হতে কয়েক দিন লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৩৫ ঘ.
bdnews24