২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণ বিধি-নিষেধের প্রস্তাবে ক্ষুব্ধ মালয়েশিয়ার নারীরা

নারীর একাকী বিদেশ ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপে সরকারি প্রস্তাবের বিরুদ্ধে রোববার ক্ষোভ প্রকাশ করেছে মালয়েশিয়ার নারী সংগঠনগুলো। নারীদের বিদেশ ভ্রমণের জন্য পরিবার অথবা নিয়োগদাতাদের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার নিয়ম করা হতে পারে বলে চিন্তাভাবনা করছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

কুয়ালালামপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নারীর একাকী বিদেশ ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপে সরকারি প্রস্তাবের বিরুদ্ধে রোববার ক্ষোভ প্রকাশ করেছে মালয়েশিয়ার নারী সংগঠনগুলো। নারীদের বিদেশ ভ্রমণের জন্য পরিবার অথবা নিয়োগদাতাদের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার নিয়ম করা হতে পারে বলে চিন্তাভাবনা করছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার সরকার। পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেমামা শনিবার এ খবর জানায়। নারীদের সংগঠন 'সিস্টারস ইন ইসলাম' এর মুখপাত্র নুরাহায়াতি কাপরাওয়ি বলেন, "এটা একটি হাস্যকর প্রস্তাব এবং তা নারীদের চলাচলের অধিকারের পরিপন্থি।" মালেশিয়ার 'ন্যাশনাল কাউন্সিল ফর ওম্যান অর্গানাইজেশনস' এই প্রস্তাবকে অবিচার বলে অভিহিত করেছে। কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট ফরিদাহ খালিদ নিউ সানডে টাইমসকে বলেন, "এটা আমাদের অধিকারের লঙ্ঘন।" পররাষ্ট্রমন্ত্রী রেইস ইয়াতিমকে উদ্ধৃত করে বেমামা সংবাদ সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের মাধ্যমে নারীদের মাদক পাচার রোধ করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী এই চিন্তাভাবনা করছেন। রেইস জানিয়েছেন, বিদেশে সন্ত্রাসী মামলায় অভিযুক্ত মালয়েশীয়দের বিষয়টি পর্যালোচনা করেই এই চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি সংবাদিকদের বলেন, বিদেশি আদালতে মালয়েশিয়ার নারীদের ১১৯টি মামলার ঘটনায় দেখা গেছে এর ৯০ ভাগই মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। তবে সরকারের এই চিন্তাভাবনার সঙ্গে গোপন কোনো ধর্মীয় উদ্দেশ্য আছে কিনা জানতে চাইলে সিস্টারস ইন ইসলামের মুখপাত্র নুরাহায়াতি আগাম কোনো বক্তব্য দিতে অস্বীকার করে বলেন, এই প্রস্তাব থেকে মনে হচ্ছে পুরুষের তুলনায় নারীরা নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম। তিনি বলেন, "পররাষ্ট্রমন্ত্রী রেইসই জানেন, এই প্রস্তাব ইসলাম বিষয়ে তার বিশ্বাসের কারণে নাকি লৈঙ্গিক ইস্যুতে তার অজ্ঞতার কারণে।" তিনি আরও বলেন, "এই ধরনের বিধি-নিষেধ আরোপ করে সমস্যার কোনো সমাধান হবে না। কেননা অনেক পুরুষও মাদক পাচারের সঙ্গে জড়িত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৮ ঘ.