লন্ডন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনে শুক্রবারের স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টির। লেবারদের শক্ত ঘাঁটি বলে পরিচিত লন্ডন তাদের হাতছাড়া হয়ে গেছে। লন্ডনের বর্তমান মেয়র লেবার পার্টির কেন লিভিংস্টোনকে হারিয়ে গুরুত্বপূর্ণ ওই পদটি জিতে নিয়েছেন কনজারভেটিভ প্রার্থী বরিস জনসন। এ পরাজয়কে ব্রিটেনের আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির জন্য সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিবিসির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস'র স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টি শতকরা ৪৪ ভাগ ভোট পেতে যাচ্ছে এবং লিবারেল ডেমোক্র্যাট দল পাচ্ছে শতকরা ২৫ ভাগ ভোট। অন্যদিকে, লেবার পার্টি পেয়েছে মাত্র ২৪ ভাগ ভোট। ১৯৭৩ সালের পর এ ধরনের তুলনায় এটাই লেবারদের সবচেয়ে কম ভোট পওয়ার রেকর্ড।
কেন লিভিংস্টোন ২০০০ সাল থেকে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে হারানোর পর জনসন বলেছেন, তার এই জয় কনজারভেটিভ দলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বহন করে।
১৯৯৭ সালে টনি ব্লেয়ার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের ভূমিকাতেই থাকতে হচ্ছে কনজারভেটিভ পার্টিকে।
তিনি বলেন, "আমার এক মুহূর্তের মধ্যে মনে হয়েছিল লন্ডন এক রাতের মধ্যে কনজারভেটিভদের শহরে পরিণত হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি এটা নির্দেশ করছে যে করজারভেটিভ পার্টি আবরও নির্ভর করার মতো একটি দলে রূপান্তরিত হতে পেরেছে।"
এই পরাজয়ের পর আগামী জাতীয় নির্বাচনে হার থেকে বাঁচতে হলে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে অবশ্যই তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর ব্রাউনের সময় ভালোই কাটছিল। তবে এই নির্বাচনে পরাজয় তার জন্য একটি বড় ধাক্কা। তার ওপর ব্রিটেনে অর্থনৈতিক বিশৃঙ্খলা, শিল্পের অস্থিরতা, প্রাশাসনিক ভুল এবং ভাবমূর্তির সংকট তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
লেবার পার্টির মন্ত্রী এবং আইনপ্রণেতারা বলছেন, সরকার ব্রিটেনবাসীর সামনে বিরাজমান খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির ভীতি, উচ্চ বন্ধকী ঋণ এবং আবাসন ব্যবসার মন্দার যথাযথ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।
লেবার পার্টির আইনপ্রণেতা জেরাল্ডিন স্মিথ রয়টার্সকে বলেন, "জনগণ একটি পরিষ্কার এবং শক্তিশালী বার্তা পাঠিয়েছে। অনেক অসন্তোষ রয়েছে। আমরা যদি এটা দূর করতে পারি তবে আমরা ঘুরে দাঁড়াতে পারবো আর যদি না পারি তবে আমাদের ভরাডুবি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২০ ঘ.
bdnews24