জুবা, সুদান, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের দক্ষিণাঞ্চলে শুক্রবার এক বিমান দুর্ঘটনায় দেশটির একজন মন্ত্রী এবং প্রেসিডেন্টের একজন উপদেষ্টাসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা হয়।
সুদানের দক্ষিণাঞ্চলীয় স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, বিমানটি রামবেক শহরের কাছে বিধ্বস্ত হয়। এ সময় দক্ষিণের প্রতিরক্ষামন্ত্রী ডোমিনিক ডিম এবং স্থানীয় সরকার বিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা জাস্টিন ইয়াক বিমানটিতে ছিলেন।
এক সংবাদ সম্মেলনে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সালভা কীর বলেন, "দুর্ঘটনায় বিমানের ২১ যাত্রী এবং দুই বা তিনজন ক্রু নিহত হয়েছে। বিমানটির দুটি ইঞ্জিন কাজ করছিল না এবং পাইলটেরও করার কিছু ছিল না।"
নিহতদের মধ্যে প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াকের স্ত্রীও রয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী গ্যাব্রিয়েল চ্যাংসন চ্যাং জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সরকার এ বিষয়ে তদন্ত করবে।
ওদিকে ফ্রান্সভিত্তিক সুদান ট্রিবিউন তাদের ওয়েব সাইটে জানিয়েছে, নিহতদের মধ্যকার ১৯ জনই সেনা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২১ ঘ.
bdnews24