২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সঙ্কট দুর্ভিক্ষের চেয়ে অপুষ্টি বাড়াতে পারে

বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি ও দাম বৃদ্ধি বড় কোনো দুর্ভিক্ষের চেয়ে বেশিমাত্রায় অপুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। খাদ্য সঙ্কট মোকাবেলায় গঠিত জাতিসংঘ টাস্ক ফোর্সের সমন্বয়কারী জন হোমস বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জেনেভা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি ও দাম বৃদ্ধি বড় কোনো দুর্ভিক্ষের চেয়ে বেশিমাত্রায় অপুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। খাদ্য সঙ্কট মোকাবেলায় গঠিত জাতিসংঘ টাস্ক ফোর্সের সমন্বয়কারী জন হোমস বুধবার একথা জানিয়েছেন। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা হোমস জানান, বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটে পড়া গরিব দেশগুলোকে সহযোগিতা করতে কী পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা অনুমান করার সময় এখনও আসেনি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মানুষের বিশেষ করে নিন্ম আয়ের লোকদের খাবার কিনে খাওয়ার সামর্থ কমে যাবে। তখন তাদের বাধ্য হয়েই কম খেতে হবে।" হোমস আরও বলেন, "আমি এখুনি মনে করছি না খুব শিগগির আমাদের দুর্ভিক্ষের মধ্যে পড়তে হবে।" চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত কয়েক মাসে বিশ্বজুড়ে অতিমাত্রায় বেড়েছে। এর ফলে বিশ্বের উন্নয়নশীল গরিব দেশগুলোতে দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, ধর্মঘট ও দাঙ্গাও হয়েছে। হোমস বলেন, "আগামী বছরগুলোতে কী পরিমাণ মানবিক সাহায্যের প্রয়োজন হতে পারে তা এখনও অনুমান করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের সমন্বিত তহবিল গড়ে তোলা দরকার।" খাদ্য সংকট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত মঙ্গলবার একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন। হোমস জানিয়েছেন, এই ধরণের কাজে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধানদের অর্ন্তভূক্ত করা যেতে পারে। পেরু থেকে ইন্দোনেশিয়া, আফগানিস্তান থেকে সেনগাল পর্যন্ত বিশ্বজুড়ে এই সংকট মোকাবেলায় দাতা দেশগুলোকে আরও বেশি অর্থ সাহায্যের আহ্বান জানিয়েছেন হোমস। কোটি কোটি মানুষের দুবেলা খাবার নিশ্চিত করতে বিশ্ব খাদ্য সংস্থাকে ইতিমধ্যে হিমশিম খেতে হচ্ছে। তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ খাদ্য ঘাটতিতে পড়ে সেখানে সবচেয়ে হুমকির মুখে আছে শিশু ও গর্ভবতী নারীরা। কেননা শিশুদের খাদ্য ঘাটতি তাদের জীবনের ওপরই প্রভাব ফেলে। আর গর্ভবতী নারীদের খাদ্যের অভাব তার সন্তানের জন্য যেমন ক্ষতিকর তেমনি নিজের স্বাস্থ্যের জন্য হুমকির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১৫ ঘ.