সউল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ক্রমবর্ধমান খাদ্যমূল্য এবং অনুৎসাহী দাতারা উত্তর কোরিয়াকে আবারও দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক 'পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিক্স' থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, "এক দশক আগের দুর্ভিক্ষ শেষ হওয়ার পর উত্তর কোরিয়া এখন সবচেয়ে অস্থিতিশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।"
উত্তর কোরিয়ার সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ মারকুস নোল্যান্ড ও স্টিফেন হ্যাগার্ড একত্রে এ প্রতিবেদন তৈরি করেছেন। স্টিফেন হ্যাগার্ড বলেছেন, বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া মূল্যবৃদ্ধির কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোয় অবস্থিত 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া'র অধ্যাপক হ্যাগার্ড রয়টার্সকে টেলিফোনে বলেন, "বিশ্ব বাজারে উত্তর কোরিয়ার চালের বাজার ধারণাতীতরকম ভালো। তবে উত্তর কোরিয়ায় চালের ভালো ফলন হলেও তাদের চাহিদা পূরণ হয়না।
তিনি বলেন, উত্তর কোরিয়াকে তাদের চাহিদার প্রায় ২০ শতাংশ চাল আমদানি করতে হয়। বিশেষজ্ঞদের মতে কমপক্ষে ১০ লাখ লোকের প্রাণহানি হওয়া ১৯৯০ দশকের শেষ দিকের দুর্ভিক্ষের পর থেকে প্রতিবেশী চীন থেকে চাল আমদানির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে উত্তর কোরিয়া।
হ্যাগার্ড বলেন, উত্তর কোরিয়ার সীমিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যবসার অংশীদার হিসেবে তাদের তেমন সুখ্যাতি না থাকার প্রভাব চাল বাণিজ্যেও পড়েছে এবং এর ফলে সৃষ্ট চাপ অনুভব করছেন দেশটির সাধারণ নাগরিকরা। আর সর্বপোরি গত বছরের বন্যায় উত্তর কোরিয়ায় বিপুল পরিমাণ খাদ্যশস্য ও কৃষিজমি নষ্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২২ ঘ.
bdnews24