মেক্সিকো সিটি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পারস্য উপসাগরে অস্থায়ীভাবে মোতায়েন করা দ্বিতীয় আরেকটি মার্কিন রণতরী ইরানের জন্য সতর্কসঙ্কেত। তবে এ পদক্ষেপ অঞ্চলটিতে মার্কিন সেনা বাড়ানোর কোনো ব্যাপার নয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা বলেছেন।
নতুন এ বিমানবাহী রণতরী মোতায়েন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করে দেন।
তবে মেক্সিকো সফরের সময় তিনি সাংবাদিকদের বলেন, "এ যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি অনেক আগে থেকে পরিকল্পিত। আমি মনে করি না যে একটা নির্দিষ্ট সময় ধরে সেখানে আমাদের দুটি বিমানবাহী জাহাজ থাকবে। ফলে একে সামরিক শক্তিবৃদ্ধি হিসেবে দেখা যাবে না। অবশ্য এটাকে ইরানের জন্য একটি সতর্কসঙ্কেত হিসেবে বিবেচনা করা যেতে পারে।"
পারস্য উপসাগরে নতুন মার্কিন রণতরী মোতায়েন সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি গেটস।
ওদিকে, পেন্টাগনের মুখপাত্র জিওফ মোরেল বলেছেন, উপসাগরে পৌঁছানো নতুন বিমানবাহী জাহাজটি সেখানে অবস্থানরত বর্তমান জাহাজটির স্থলাভিষিক্ত হতে সেখানে গেছে। বর্তমান জাহাজটি আগামী দুদিনের মধ্যেই উপসাগর ছেড়ে যাবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24