বাগদাদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদে শিয়া নেতা মুকতাদা আল সদরের ঘাঁটিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ৩৪ বিদ্রোহী যোদ্ধাকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। এর আগে সোমবার বাগদাদের পূর্বাঞ্চলে ৩৮ ইরাকি যোদ্ধাকে হত্যার দাবি করে সেনারা।
বাগদাদে মার্কিন বাহিনীর মুখপাত্র লে. জেনারেল স্টিভেন স্টুভার জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাত থেকে শুরু হওয়া কয়েক ঘন্টার সংঘর্ষে এই জঙ্গিরা নিহত হয়। গত রোববার থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ৭৯ বিদ্রোহী নিহত হয় বলে তিনি জানান।
মুকতাদা আল-সদরের অনুসারী মাহদি আর্মি মিলিশিয়াদের ওপর ইরাক সরকারের দমনাভিযান শুরুর পর এটাই মার্কিন সেনাদের সঙ্গে ইরাকি যোদ্ধাদের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
একটি যৌথ নিরাপত্তা চৌকি থেকে রোববার দিবাগত রাতে ইরাকি ও মার্কিন সেনারা ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইরাকি যোদ্ধাদের ওপর হামলা শুরু করলে ওইদিন সংঘর্ষে কমপক্ষে ২২ যোদ্ধা নিহত হয়। প্রায় একই সময়ে যৌথবাহিনীর একটি টহল দলের ওপর গুপ্ত হামলার জন্য ওঁৎ পেতে থাকা আরেকটি ইরাকি গ্র"পের ৭ জনকে হত্যা করে তারা।
সোমবার সকালের দিকে আরেকটি পৃথক সংঘর্ষে আরও ৯ ইরাকি যোদ্ধাকে হত্যা করা হয় বলে এক বিবৃতিতে জানায় মার্কিন সেনাবাহিনী।
ওদিকে, রোববার রাতের সংঘর্ষ দুটি চলার সময়েই বাগদাদের গ্রিন জোনে বেশ কয়েকদফা রকেট হামলা চালায় ইরাকি যোদ্ধারা।
ইরাকি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় প্রচণ্ড ধূলিঝড়ের কারণে মার্কিন বাহিনীর কয়েকটি হেলিকপ্টার গানশিপ জরুরি অবতরণে বাধ্য হয়। রকেট হামলাকারী ইরাকি গেরিলাদের দমন এবং তাদের ঘাাঁটি ধ্বংস করতে প্রধান হাতিয়ার হিসেবে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে থাকে মার্কিন সেনারা।
মার্কিন সেনাদের বিবৃতিতে বাগদাদের উত্তরাঞ্চলে সংঘর্ষের সঠিক স্থান উল্লেখ করা হয়নি। তবে তারা জানিয়েছে যে, সদর সিটির কাছে সেনাদের একটি দলকে মোতায়েন করা হয়েছে।
সদর সিটি মুকতাদা আল-সদরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
সদর সিটির হাসপাতাল কর্মকর্তারা জানান, সোমবার সকাল পর্যন্ত সংঘর্ষে নিহত ৮ জনের মৃতদেহ তাদের হাসপাতালে এসেছে। এছাড়া আহত আরও ৭২ জনের চিকিৎসার জন্য তাদের কাছে এসেছেন বলেও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/ এফএইচবি/২০৪৫ঘ.
bdnews24