বার্ন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে লাগামহীন খাদ্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যঘাটতি ঠেকাতে বিশ্বব্যাংককে সঙ্গে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করবে জাতিসংঘ সংস্থাগুলো। খাদ্য সংকট মোকাবেলায় সোমবার সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং জাতিসংঘ সংস্থাগুলোর এক বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।
জাতিসংঘ মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়, "আমরা মনে করি বিশ্বজুড়ে খাদ্যপণ্যের নাটকীয় মূল্যবৃদ্ধি বৈশ্বিক মাত্রার একটি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এবং তা শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীসহ সবচেয়ে ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীর জন্য সংকট হয়ে দেখা দিয়েছে।"
খাদ্যসংকট সমাধানের উপায় খুঁজে বের করতে জাতিসংঘ সংস্থাসহ অন্যান্য সংস্থাগুলোর প্রধানদের সোমবারের ওই বৈঠকের পর তারা আরও জানান, "এই চ্যালেঞ্জের বহুমাত্রিক প্রভাব রয়েছে, আর সবচেয়ে মারাত্মক প্রভাব পড়বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনগোষ্ঠীর ওপর।"
চাল, গম এবং অন্যান্য খাদ্যশস্যের উচ্চমূল্যের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ (ডব্লিউএফপি) অন্যান্য দাতা ও সাহায্য সংস্থাগুলো মারাত্মক চাপের মধ্যে পড়ছে। এ বছর প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষকে খাদ্য সাহায্য দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির।
ওদিকে, বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষত দরিদ্র এবং নাজুক অবস্থায় থাকা দেশগুলোকে দ্রুত সহায়তার জন্য বিশেষ অর্থায়ন কর্মসূচি গ্রহণ করেছে তারা। আগামী বছরে আফ্রিকার কৃষিতে তাদের অর্থ সহায়তার পরিমাণ দ্বিগুণ করে প্রায় ৮০ কোটি ডলার করেছে বিশ্বব্যাংক।
সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে দেশগুলোকে খাদ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসিচব বান কি মুন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জেলিক বলেন, " আমরা দেশগুলোকে আহ্বান জানাচ্ছি রপ্তানি নিষেধাজ্ঞার মতো পথ পরিহার করতে। এ ধরনের নিয়ন্ত্রণ মজুতদারিকে উৎসাহিত করে দাম আরও বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রামরত দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।"
স্বল্পমেয়াদী জরুরি ব্যবস্থার পাশাপাশি সংকট সমাধানে দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও বেগবান করার আহ্বান জানান জেলিক।
বিশ্ব বাণিজ্য সংস্থা'র (ডব্লিউটিও) মহাপরিচালক পাসক্যাল লামি বলেছেন, বিশ্ব বাণিজ্যকে আরও উন্মুক্ত করতে দোহা রাউন্ডের বাণিজ্য আলোচনা অবিলম্বে সম্পন্ন করার আরেকটি জরুরি তাগিদ হিসেবে বিবেচনা করা যেতে পারে বর্তমান খাদ্য সঙ্কটকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24