২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিদ্রোহিদের অস্ত্র দিয়েছে জাতিসংঘ সেনারা

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় শান্তিরক্ষার কাজে নিয়োজিত জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে 'ন্যাশনালিস্ট ইন্টিগ্রেশন ফ্রন্ট' বা এফএনআই' বিদ্রোহিদের অস্ত্র সহায়তাদানসহ সোনা ও হাতির দাঁত চোরাচালানের অভিযোগ উঠেছে। জাতিসংঘের গোপন কয়েকটি সূত্রে এসমস্ত অভিযোগ পাওয়া গেছে বলে খবর দিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় শান্তিরক্ষার কাজে নিয়োজিত জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে 'ন্যাশনালিস্ট ইন্টিগ্রেশন ফ্রন্ট' বা এফএনআই' বিদ্রোহিদের অস্ত্র সহায়তাদানসহ সোনা ও হাতির দাঁত চোরাচালানের অভিযোগ উঠেছে। জাতিসংঘের গোপন কয়েকটি সূত্রে এসমস্ত অভিযোগ পাওয়া গেছে বলে খবর দিয়েছে বিবিসি। সূত্র জানায়, ভারতীয় ও পাকিস্তানি শান্তিরক্ষীরা এতে জড়িত রয়েছে। জাতিসংঘ এরকম কয়েকটি অভিযোগ ২০০৭ সালে তদন্ত করে দেখেছে। তবে অস্ত্র সরবরাহের কোন তথ্য-প্রমাণ তারা পায়নি। তদন্ত দলটি বিবিসিকে জানায়, রাজনৈতিক কারণে তাদের তদন্তে বাধা আসছে। উল্লেখ্য, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বে সবচে বড় শান্তিরক্ষা অভিযান। কঙ্গোজুড়ে মোতায়েন রয়েছে জাতিসংঘের প্রায় ১৭ হাজার সেনা। বিবিসি'র অনুসন্ধানে দেখা গেছে, পূর্বাঞ্চলের মঙবালু শহরের পাকিস্তানি শান্তিরক্ষী সেনারা এফএনআই বিদ্রোহিদের সঙ্গে অবৈধ উপায়ে স্বর্ণ লেনদেন করেছে এবং তাদেরকে খনির মুখে পাহারা দেওয়ার জন্য অস্ত্র সহায়তা দিয়েছে। এছাড়াও গোমায় ভারতীয় সেনারা সরাসরি অর্থের বিনিময়ে বিদ্রোহিদের অস্ত্র দিয়েছে। উপরন্তু তারা জাতিসংঘ হেলিকপ্টার ব্যবহার করে হাতির দাঁতের বিনিময়ে গোলাবারুদ সরবরাহ করেছে বলেও অভিযোগ আছে। ২০০৭ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অভিযোগে প্রথম নজর দেয় জাতিসংঘ। চোরাকারবারিদের জাতিসংঘের হেলিকপ্টার ব্যবহার করতে দেওয়ার জন্য এবং স্বর্ণের লেনদেন করার একজন সেনা কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। তবে জাতিসংঘ বলছে, "সত্য সাক্ষপ্রমাণের অভাবে" পাকিস্তানের শান্তিরক্ষী সেনাদের বিদ্রোহিদের অস্ত্র বা বিস্ফোরক সরবরাহ করার "অভিযোগ প্রমাণ করা যায়নি।" জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জিন-মারি গুয়েহেন্নো গত বছর ঘোষণা দেন, "তদন্তে বন্দুক পাচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "তবে ধারণা করা হচ্ছে স্বর্ণ পাচারের সঙ্গে এক ব্যক্তি জড়িত রয়েছে। আমরা ওই দেশের কর্তৃপক্ষকে প্রতিবেদনটি দিয়েছি এবং আমি বিশ্বাস করি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।" তবে একজন সাবেক বিদ্রোহী বিবিসি প্রতিনিধিকে জানান, এফএনআই জাতিসংঘের শিবির থেকে সাত বাক্স বিস্ফোরক নিয়েছে। কঙ্গোর রাজধানী কিনসাসার জেলে বন্দী এফএনআই এর "কুংফু" এবং "ড্রাগন" নামের দুই নেতা জাতিসংঘ সেনাদের কাছ থেকে সহায়তা গ্রহণের কথা স্বীকার করেছেন। জেনারেল মাটেসো ওরফে কুংফু বলেন, "হ্যাঁ এটা সত্যি, তারা আমাদের অস্ত্র দিয়েছে। তারা বলেছে , এটা দেশের নিরাপত্তার জন্য। সুতরাং তারা বলেছে, ওই অঞ্চলের দেখাশোনা করার জন্য আমরা তাদের সহায়তা করব।" উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে উত্থাপিত এটাই প্রথম অভিযোগ নয়। এর আগে ২০০৬ সালে মরোক্কোর সেনাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২০ ঘ.