বাগদাদ, এপ্রিল, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকি নিরাপত্তা বাহিনী দুটি গণকবর থেকে ১শ টি মৃতদেহ উদ্ধার করেছে। সেনা কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
রোববার ইরাকের কেন্দ্রস্থলে সন্ধান পাওয়া একটি গণকবরে পাওয়া গেছে ৫০ টি লাশ। ওই এলাকার এক সেনা সূত্র একথা জানিয়েছে। অন্য একটি দল বলেছে, ১৭ এপ্রিলে বাগদাদের দক্ষিণে তারা ৫০ টিরও বেশি লাশ পেয়েছে।
গোলযোগপূর্ণ দিয়ালা প্রদেশে বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে আল-গুবা গ্রামে গণকবরটির সন্ধান পাওয়া যায়। দেশের অন্যান্য অংশ থেকে বিতাড়িত হয়ে আল কায়েদা সুন্নি আরব জঙ্গিরা এখানে পুনসংগঠিত হয়েছে।
উদ্ধারকৃত বেশির ভাগ লাশেরই হাত বাঁধা এবং মাথায় গুলির আঘাত রয়েছে। কয়েকটি লাশ গলেও গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সূত্র একথা জানিয়েছেন।
১৭ এপ্রিলে বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়া শহরে সন্ধান পাওয়া গণকবরে পুলিশ ও ইরাকি সেনাবাহিনী ৫১ টি লাশ পেয়েছে। বাগদাদে ঊর্ধ্বতন নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাসিম মুসাওয়ি একথা বলেছেন।
মুসাওয়ি বলেন, " আমরা কয়েকজন নাগরিকের কাছ থেকে জানতে পারি যে, মাহমুদিয়ার আল আসকারিতে লাশ আছে। পরে আমরা সেখানে খোঁজাখুঁজি করে লাশগুলোর সন্ধান পাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ঘ.
bdnews24