ইস্তাম্বুল, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের উত্তর ইরাকের ঘাঁটিতে শুক্র ও শনিবার বিমান হামলা চালিয়েছে তুরস্কের যুদ্ধবিমান।
তুর্কি সেনা সূত্র জানিয়েছে, উত্তর ইরাকে এই বছরে এটাই তুরস্কের সবচেয়ে বড় বিমান অভিযান।
তবে পিকেকের এক মুখপাত্র জানিয়েছেন, তুরস্কের এ বিমান হামলায় কোনো প্রাণহানি হয়নি।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত পিকেকে'র ঘাঁটি রয়েছে উত্তর ইরাকে। তাদের নির্মূলে গত ফেব্র"য়ারি মাসে সীমান্ত পেরিয়ে স্থল অভিযান চালায় তুরস্ক। এরপর তুর্কি বাহিনী বেশ কয়েক দফায় উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।
গত বুধবারও ইরাকের পিকেকে ঘাঁটি লক্ষ্য করে করে বোমাবর্ষণ তুর্কি যুদ্ধবিমান। এরপর এই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শুক্র ও শনিবার এ বিমান হামলা চালাল তারা।
তুর্কি বিমানবাহিনীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জেনারেল স্টাফ বলেছেন, "স্থলবাহিনীর সহায়তায় তুর্কি বিমানবাহিনীর কয়েকটি বিমান ২৫-২৬ এপ্রিল পিকেকে ঘাঁটিগুলো লক্ষ্য করে এক কার্যকর অভিযান চালিয়েছে।"
সেনা সূত্র গত শুক্রবার জানায়, গ্রিনিচ সময় ১৬৩০ ঘণ্টার দিকে একটি বিমান অভিযান চালানো হয়।
ওদিকে, শনিবার তুরস্কের ভেতরে তুর্কি সেনাবাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। ইরাক সীমান্তবর্তী সিরনাক প্রদেশের পার্বত্য এলাকায় এ সংঘর্ষ হচ্ছে।
সেনা সূত্র জানিয়েছে, শুক্রবার এখানকার সংঘর্ষে এক তুর্কি সেনা নিহত হয়েছে। এ নিয়ে ওই দিনের সংঘর্ষে নিহতের সংখ্যা তিনজনে উন্নীত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24