২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ কোলের বিশ্লেষণ: ভাইয়ের মৃত্যুই বদলে দেয় লাদেনকে

১৯৮৮ সালে বিমান দুর্ঘটনায় ভাই সালেম মারা যাওয়ার ঘটনাই ওসামা বিন লাদেনকে পাল্টে দিয়েছে। লাদেনের পরিবারকে নিয়ে লেখা একটি বিশ্লেষণমূলক বইয়ে পুলিৎজারজয়ী লেখক স্টিভ কোল এমন দাবিই করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 06:02 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

লন্ডন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৮৮ সালে বিমান দুর্ঘটনায় ভাই সালেম মারা যাওয়ার ঘটনাই ওসামা বিন লাদেনকে পাল্টে দিয়েছে। লাদেনের পরিবারকে নিয়ে লেখা একটি বিশ্লেষণমূলক বইয়ে পুলিৎজারজয়ী লেখক স্টিভ কোল এমন দাবিই করেছেন। নতুন বই 'দ্যা বিন লাদেনস' এ স্টিভ কোল তুলে ধরেছেন ওসামা বিন লাদেন ও তার পরিবারের পাল্টে যাওয়ার এই কাহিনী। লাদেনের পরিবার কীভাবে সৌদি সমাজে প্রভাবশালী হয়ে উঠলো এবং রাজ পরিবারের প্রভাব রাখতে শুরু করলো এসব বিষয়ই এ বইয়ের মূল প্রতিপাদ্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওসামার ৫৩ ভাই-বোনের সঙ্গে তুলনায় ফেলে লাদেনকে নিয়ে পশ্চিমা বিশ্বের তৈরি অনেক মিথও ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ১৯৬৭ সালে বিমান দুর্ঘটনায় বাবার মৃত্যুর সময় ওসামার বয়স নয় বছরের কাছাকাছি। স্কুলে ইসলামি পড়াশোনার সময়ই বালক ওসামা জিহাদের দিক্ষা পান সৎ বাবার কাছে। কিন্তু এ কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ওসামার সৎভাই সালেম। জেট বিমানে বিশ্ব চষে বেড়ানো রমণিমোহন সালেম পরে পরিবারের ব্যবসা দেখভালের দায়িত্ব পান। আর এক সময় তিনি চলে আসেন সৌদি রাজ পরিবারের কাছাকাছি। রাজপরিবারের সঙ্গে সুসম্পর্কের পুরস্কার হিসেবে লাদেন পরিবার একে একে বিভিন্ন নির্মাণ কাজের দায়িত্ব পেতে থাকে। এই ব্যবসা থেকেই জমে ওঠে সম্পদের পাহাড়। যা পরবর্তীতে ওসামাকে নাইন ইলেভেনের পরিকল্পনা করতে সাহায্য করে। ১৯৮৮ সালে বিমান দুর্ঘটনায় সালেমের মৃত্যুর পর লাদেন পরিবার হয়ে কাণ্ডারিহীন হয়ে পড়ে। সৌদি আরবের ধর্মীয় ঐতিহ্য এবং পশ্চিমের হাতছানির দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সালেমের ব্যতিক্রমি চরিত্র ওসামার ওপর রেখে যায় গভীর প্রভাব। লেখক কোল দাবি করেছেন, ভাইয়ের মৃত্যুর পর পরিবার ও রাজ পরিবারের সঙ্গে ওসামার দূরত্ব বাড়তে থাকে। ততোদিনে আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্ব ভেঙে পড়ছে। আর ওসামা কট্টরপন্থী ইসলামি নেতাদের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের জন্য অনুপ্রাণীত হলেন। কোল এক সাক্ষাতকারে রয়টার্সকে বলেন, "আমি সালেমের অনেক বন্ধুর সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছে, সালেম বেঁচে থাকলে নাইন ইলেভেন ঘটত না।" তিনি আরও বলেন, "নব্বইয়ের দশকের সেই সময়টার অবস্থা বুঝতে হবে। সালেম সবে তার ভাইকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এর মধ্যেই তিনি মারা গেলেন।" কোল তার বইতে সেই সব ঘটনাও তুলে ধরেছেন, যখন ওসামা ইয়েমেনে ইসলামী জঙ্গিদের মদদ দিচ্ছেন এবং সাদ্দাম হোসেনের কুয়েত অভিযানের পর সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ওসামার বিবাদ চলছে। স্বেচ্ছা নির্বাসনে সুদান চলে যাওয়ার পর রাজপরিবারের সঙ্গে ওসামার দূরত্ব আরও বেড়ে যায়। অন্য ভাইরাও তাকে নিয়ন্ত্রণ করতে পারিননি; যেটা পারতেন সালেম। এ অবস্থায় ৮০'র দশকে পাকিস্তান ভ্রমণ শুরু করেন ওসামা। আফগানিস্তানে সোভিয়েত দখলদারদের বিরুদ্ধে লড়াইরত মুসলিম জঙ্গিদের সঙ্গে পাকিস্তানেই তার ঘনিষ্ঠতা হয়। জঙ্গিদের মধ্যে বিপুল অর্থের মালিক ওসামার প্রভাব প্রতিপত্তিও বাড়তে থাকে। ১৯৮৬ সালে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী পেশওয়ারে চলে যান ওসামা। আরও বেশি জড়িয়ে পড়েন ইসলামী বিপ্লবের সঙ্গে। এরপর গেলেন লন্ডন; উদ্দেশ্য ক্ষেপণাস্ত্র কেনার জন্য আলেচনা করা। আফগান সীমান্ত এলকায় আরব স্বেচ্ছাসেবীদের জিহাদী লড়াই প্রত্যক্ষ করার পর ওসামা আল কায়েদা গঠন করেন। কোলের মতে, আল কায়েদাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার পেছনে সমমনা ও বিভিন্ন দেশের নাগরিককে এক জায়গায় করার ব্যাপারে ওসামার দক্ষতাই প্রধান ভূমিকা রেখেছে। আর পুরো ব্যাপারটিই ঘটতে পেরেছে সালেমের মৃত্যুর কারণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জেকে/২৩৩০ ঘ.