হারারে, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্বে জিম্বাবুয়েতে একটি জাতীয় ঐক্যের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যস্থতা করা উচিত। যাতে নতুন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায়। দেশটির সরকারি মালিকানাধীন একটি পত্রিকা বুধবার একথা বলেছে।
জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এবং মুগাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জানু-পিএফ দলের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ না করা এবং পার্লামেন্ট নির্বাচনের ফলাফল পুনর্গণনা নিয়ে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ জিম্বাবুয়েতে একইসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এমডিসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়। আর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এমডিসি নেতা মরগ্যান সাভাঙ্গিরাই দাবি জানিয়ে আসছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং তার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্যই মুগাবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন চাইছেন।
ক্ষমতাসীন দল চাইছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন হোক। কিন্তু বিরোধীদল এটা চাচ্ছে না। এমন অবস্থায় ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যকার চলমান এ উত্তেজনা ব্যাপক সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ওয়েবসাইটে প্রকাশিত দ্য হেরাল্ড পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে অসম্ভব করে তুলেছে।
সাভাঙ্গিরাই একটি গণতান্ত্রিক নির্বাচনী ফলের নিশ্চয়তা পাওয়ার এবং সহিংসতা প্রতিরোধের জন্য বাইরের শক্তিশালী দেশগুলো এবং সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটিকে (এসএডিএ) হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
তবে মুগাবে এ বিষয়টিকে প্রত্যাখ্যান করে এমডিসিকে জিম্বাবুয়ের সাবেক উপনিবেশিক প্রভু ব্রিটেনের পুতুলে পরিণত হওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন।
দ্য হেরাল্ড তাদের সম্পাদকীয়তে বলেছে, অন্তর্বর্তী সরকারের উচিত হবে জাতীয় গণভোট হওয়ার পর একটি নতুন সংবিধান রচনার জন্য এসএডিসি ও বাইরের দেশগুলোর সাহায্য চাওয়া।
প্রাথমিক ফলাফলে এমডিসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও পরবর্তীতে ২৩টি আসনের ভোট পুনরায় গোনা শুরু করেছে নির্বাচন কমিশন। তবে এ কাজ চলছে খুব ধীর গতিতে।
ধারণা করা হচ্ছে, পুনরায় ভোট গণনার ফলে পার্লামেন্টে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতা হারাতে পাওে এমডিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬১০ ঘ.
bdnews24