২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সদর সিটির ৫ যোদ্ধাকে হত্যার দাবি মার্কিন বাহিনীর

মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা আগের রাতে পূর্ব বাগদাদের সদর সিটিতে অভিযান চালিয়ে সেখানকার পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বাগদাদ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা আগের রাতে পূর্ব বাগদাদের সদর সিটিতে অভিযান চালিয়ে সেখানকার পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে। এ বিষয়ে লেফটেন্যান্ট-কর্নেল স্টিভেন স্টোভার বলেন, 'এম-ওয়ান আব্রাম' ট্যাংক এবং 'ব্রাডলে' সামরিক যানের মার্কিন সেনারা সোমবার রাতে গুলি করে তিন যোদ্ধাকে হত্যা করেছে। গতিপথের ক্লিয়ারেন্স দেওয়ার কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হওয়ার পর এ অভিযান চালায় সেনারা। সোমবার রাতে অপর এক ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার থেকে সদর সিটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দুই অস্ত্রধারীকে হত্যা করা হয়। স্টোভার বলেন, ওই দুইজনকে রকেটচালিত গ্রেনেড নিয়ে চলাচল করতে দেখার পর এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রসঙ্গত, ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি গত মাসে ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদরের মাহদি আর্মি'র মিলিশিয়াদের বিরুদ্ধে দমনাভিযান শুরুর পর বাগদাদে অবস্থিত আল-সদরের শক্ত ঘাঁটি সদর সিটিতে নিরাপত্তারক্ষী ও শিয়া মিলিশিয়াদের মধ্যকার সংঘর্ষে কয়েকশ' লোকের প্রাণহানি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪২ ঘ.