২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে জাতিসংঘ হস্তক্ষেপের আহ্বান জানালেন সাভাঙ্গিরাই

জিম্বাবুয়ের বিরোধী দলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই তার দেশের নির্বাচনী সংকট নিরসনে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘ প্রধান বান কি মুন এবং আফ্রিকান ইউনিয়ন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেনাবহিনী দেশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে উল্লেখ করে সোমবার তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

আক্রা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের বিরোধী দলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই তার দেশের নির্বাচনী সংকট নিরসনে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘ প্রধান বান কি মুন এবং আফ্রিকান ইউনিয়ন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেনাবহিনী দেশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে উল্লেখ করে সোমবার তিনি এ আহ্বান জানান। ঘানার রাজধানী আক্রায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা 'আঙ্কটাড' (ইউএনসিটিএডি) এর বৈঠকের ফাঁকে মহাসচিব বানের সঙ্গে কথা বলে সাভাঙ্গিরাই এ আহ্বান জানান। সাভাঙ্গিরাইয়ের সঙ্গে কথা বলার পর জাতিসংঘ প্রধান বান কি মুন সাংবাদিকদের বলেন, "তিনি আমাকে বলেছেন, মানুষকে ভীত সন্ত্রস্ত করে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এ অবস্থায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। এতে একটি অত্যন্ত মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।" জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সাভাঙ্গিরাই অভিযোগ করেছেন যে, আঞ্চলিক নেতারা এ সংকট নিরসনে ব্যর্থ হয়েছেন এবং তাই জিম্বাবুয়েতে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপ চান তিনি। জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই দাবি করে আসছেন পার্লামেন্ট নির্বাচনে তার দলের মতোই প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হয়েছেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার জন্যই এখন পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ করছেন না। দেশটিতে একইসঙ্গে অনুষ্ঠিত পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হলেও এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হয়নি। ওদিকে, পার্লামেন্টের কিছু আসনের ভোট পরবর্তীতে পুনরায় গোনা শুরু হলেও তারও ফল প্রকাশ বিলম্বিত করছে নির্বাচন কমিশন। এমডিসি অভিযোগ করেছে ভোট পুনর্গণনার মাধ্যমে পার্লামেন্ট নির্বাচনের ফল পাল্টে ফেলার চেষ্টা করছে সরকার। দেশটিতে নির্বাচনী সহিংসতায় তাদের ১০ কর্মী নিহত হয়েছেন এবং কয়েকশত কর্মী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে দাবি করেছে এমডিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৭ ঘ.