গাজা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শনিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি সীমান্ত পথে হামাস যোদ্ধারা বোমাভর্তি গাড়ি নিয়ে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী এক মুখপাত্র জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে হামাস গেরিলাদের একটি দল ইসরায়েলি সীমান্ত প্রাচীরের দিকে এগিয়ে আসার সময় ইসারয়েলি বিমান থেকে গুলি ছোঁড়া হয়। এতে হামাসের চার সদস্য নিহত হয়।
হামাস জানিয়েছে, পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে পৃথক এক বিমান হামলায় হামাসের পঞ্চম এক সদস্য নিহত হয়েছে।
এর আগে শনিবার সকালে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের কেরেম শালোম সীমান্ত পথে বোমাভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় হামাস গেরিলারা। এ সময় তিন গেরিলা নিহত এবং ইসরায়েলের ১৩ সেনা আহত হয়। এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সীমান্ত পথে তৃতীয়বারের মতো বড় ধরনের হামলা চালাল হামাস।
গাজা উপত্যকায় ইসরায়েলের কঠোর অবরোধের কথা উল্লেখ করে হামাসের সামরিক শাখার এক মুখপাত্র বলেছেন, এ হামলা "অবরোধ ভাঙতে" সংগঠনটির অভিযান শুরুর আলামত।
প্রসঙ্গত, গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাদের হটিয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। সেই থেকে উপত্যকাটিতে অবরোধ জোরদার করে রেখেছে ইসরাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০২ ঘ.
bdnews24