টরেন্টো, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই আশঙ্কা করছেন, দেশে ফিরলে তার ওপর হামলা অথবা তাকে কারাবন্দি করা হতে পারে। এই ভয়ে তিনি এখুনি দেশে ফিরবেন না বলে জানিয়েছেন।
কানাডার সংবাদপত্র দ্যা মেইল ও গ্লোবকে গত শুক্রবার দেওয়া এক সাক্ষাতকারে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই বলেন, "আমি জিম্বাবুয়ে ফিরে বন্দি হলে তাতে কোনো কাজই হবে না। তখন আর আমার করার কিছুই থাকবে না।"
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহান্সবার্গে দেওয়া ওই সাক্ষাতকারে তিনি আরও বলেন, "এই অবস্থায় আমি কি করতে পারি? আপনি কি চাইবেন নিহত বীর হতে?"
গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের পর সাভাঙ্গিরাই গত ৮ এপ্রিল দেশ ত্যাগ করেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন দাবি করলেও জিম্বাবুয়ের নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ করেনি।
সাক্ষাতকারে সাভাঙ্গিরাই জানান, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করতে পারলেই তিনি দেশে ফিরবেন। এ কাজ করার জন্য এই মুহূর্তে দেশের বাইরে থেকে কুটনৈতিক প্রচেষ্টা চালানোকে সঠিক কৌশল বলে তিনি মনে করছেন।
১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন মুগাবে। এবারের নির্বাচনেই তিনি প্রথম বারের মত সাভাঙ্গিরাইয়ের কাছ থেকে প্রকৃত বিরোধিতার সম্মুখীন হন। সাভাঙ্গিরাই নিজেকে বিজয়ী দাবি করলেও মুগাবে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দাবি জানিয়ে আসছেন। এই অবস্থায় শনিবার থেকে কয়েকটি আসনে পুনরায় ভোট গণনা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। তবে বিরোধীরা জানিয়ে দিয়েছে তারা পুনরায় ভোট গণনা মেনে নেবে না।
সাভাঙ্গিরাই বলেন, "আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।"
দেশ ত্যাগের পর থেকে তাকে দেশে ফেরার জন্য একের পর এক আহ্বান জানাচ্ছে বিভিন্ন পক্ষ।
সাভাঙ্গিরাই বলেন, "এটা অনেকটা বাবা ও সন্তানের মত। বাবা দূরে থাকলে সন্তান বারবার বলতে থাকে 'বাবা কোথায়, বাবা কোথায়'। কিন্তু বাবাকে বিবেচনা করতে হয় কাছে যাওয়ার জন্য এটা সঠিক সময় কিনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৫ ঘ.
bdnews24