উরুয়াপান, মেক্সিকো, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শুক্রবার সেনাবহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত হয়েছে। সেনারা ওই হেলিকপ্টারে করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন মেক্সিকোর সেনাবাহিনী পরিচালিত মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে বেল-২১২ হেলিকপ্টারটি শুক্রবার দুপুরের দিকে মিচুসান প্রদেশে যায় এবং সেখানে বিধ্বস্ত হয়। তবে কর্মকর্তারা বিধ্বস্ত হওয়ার কারণ জানাননি।
মিচুসান প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক মুখপাত্র বলেন, "এক কর্নেলসহ ১১ সেনা নিহত এবং একজন আহত হয়েছে।"
হেলিকপ্টারের ভাঙ্গা টুকরা এবং নিহত সেনাদের লাশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলিকপ্টারটি অবতরণ করার সময় তারা এর ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন।
ওই এলাকার এক বাসিন্দা অস্টিন ভারগাস বলেন, "ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।"
প্রাথমিক খবরে জানানো হয়েছে, পুলিশ, ডাক্তার এবং ফরেনসিক বিভাগের লোকজন এলাকাটি ঘিরে রেখেছে এবং ধ্বংসস্তুপের মধ্যে তল্লাশি চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৪৯ ঘ.
bdnews24