২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন অভিযান ব্যর্থ হয়েছে: জাওয়াহিরি

ইরাক অভিযানে যুক্তরাষ্ট্র ব্যর্থতা ও পরাজয় ছাড়া কিছুই পায়নি। ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচ বছর উপলক্ষ্যে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি এক অডিও বার্তায় একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

দুবাই, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক অভিযানে যুক্তরাষ্ট্র ব্যর্থতা ও পরাজয় ছাড়া কিছুই পায়নি। ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচ বছর উপলক্ষ্যে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি এক অডিও বার্তায় একথা বলেছেন। ইরাক থেকে সেনা প্রত্যাহারে বিলম্ব করায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে উপহাস করে জাওয়াহিরি বলেন, "তিনি পরাজয় স্বীকার করেছেন এবং ব্যর্থতা ও সমস্যা উত্তরাধিকারীর ঘাড়ে চাপাতে চাইছেন।" ইসলামি ওয়েবসাইটে এই অডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, "ইরাক আগ্রাসনের পাঁচ বছর পেরিয়ে গেছে। আজ আমরা দেখতে পাচ্ছি, তাদের ভাগ্যে জুটেছে ব্যর্থতা আর পরাজয়। জাওয়াহিরি আরও বলেন, " মার্কিন সেনারা ইরাক থেকে চলে গেলে সবকিছু হারাবে আর রয়ে গেলে মৃত্যুবরণ করতে হবে। শেষ পথটিই বুশ মার্কিন সেনাবাহিনী ও জনগণের জন্য বেছে নিয়েছেন, যারা তাকে দু'দুবার প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।" বুশ ইরাক থেকে সেনা প্রত্যাহরের ঘোষণা দিয়ে ইরাকে নিয়োজিত মার্কিন জেনারেলদের পরামর্শে চলতি মাসে তা স্থগিত করেন। এ বিষয়ে জাওয়াহিরি বলেন, "ইরাকে ব্যর্থতা ঢাকার জন্য এটা একটা নাটক এবং বুশের সেনা প্রত্যাহার স্থগিত করার ঘোষণা ইরাক আক্রমণের পরাজয়ের কথাই বলে। এ সমস্যা তিনি পরবর্তী প্রেসিডেন্টের ঘাড়ে ফেলতে চান।" জাওয়াহিরির এই অডিও টেপের যথার্থতা তাৎক্ষনিকভাবে যাচাই করা যায়নি। তবে এর কন্ঠস্বর জাওয়াহিরির বলেই মনে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৯২০ ঘ.