বসরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের বসরা কার্যালয় ঘিরে রেখেছে ইরাকি সেনারা। শুক্রবার সকাল থেকেই সদর মুভমেন্টের কার্যালয়টি ঘিরে রাখার কারণে ভবনের ভেতরে থাকা কর্মীরা জুমার নামাজ পড়তে যেতে না পারায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইরাক সরকারের কর্মকর্তা এবং আল-সদরের দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উভয়পক্ষের মধ্যে কোনো সহিংসতারও খবর পাওয়া যায়নি।
রাজনৈতিক দল ও গ্র"পগুলোর কাছ থেকে সরকারি মালিকানাধীন সব ভবনের দখল ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। আল-সদরের মেহেদি আর্মি মিলিশিয়াদের দমনে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কঠোর দমনাভিযানের মাসখানেক পর এ পদক্ষেপ নেওয়া হল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল-করিম খালাফ এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, "রাজনৈতিক দল এবং গ্র"পগুলোর দখলে থাকা বসরার সব সরকারি মালিকানাধীন ভবন ৪৮ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির নির্দেশ আছে আমাদের ওপর।"
বসরায় আল-সদরের কার্যালয়টি সাদ্দাম আমলে অলিম্পিক কমিটির ব্যবহৃত একটি পুরনো ভবন।
আল-সদরের বসরা কার্যালয়ের প্রধান হারিস আল-ইদরাহি রয়টার্সকে বলেছেন, "ইরাকি সেনারা আমাদের জুমার নামাজ পড়তে যেতে দেয়নি এবং এখন কার্যালয়টি ঘিরে রেখেছে।"
ওদেিক, শিয়াদের অন্যতম ধর্মতীর্থ নাজাফে আল-সদরের অন্যতম সহযোগী শেখ আসাদ আল-নাসিরি এ ঘটনাকে "অমানবিক" বলে অভিহিত করে সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24