নিউ ইয়র্ক, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে শুক্রবার জাতিসংঘে ভাষণ দিচ্ছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভাষণে মূলত শান্তি এবং মানবাধিকারের ওপর আলোকপাত করবেন তিনি। এর আগে পুরোহিতদের যৌন অপব্যবহারের শিকার হওয়াদের সঙ্গে বৈঠক করে নাটকীয় চমক দেখিয়েছেন পোপ।
আবেগউচ্ছ্বসিত ২৫ মিনিটের ওই বৈঠকে পোপ যৌন অপব্যবহার বা নিপীড়নের শিকার হওয়াদেও প্রতি স্বান্তনার বাণী শোনান। পুরোহিতদের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়াদের সঙ্গে পোপ ষোড়শ বেনেডিক্টই প্রথম বৈঠক করলেন বলে মনে করা হচ্ছে।
ভ্যাটিক্যান দূতাবাস চ্যাপেল- এ বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং তা শেষ না হওয়া পর্যন্ত গোপন রাখা হয়। যুক্তরাষ্ট্রের গীর্জায় কেলেঙ্কারির বিষয়টি নিয়ে গভীর লজ্জ্বা প্রকাশ করে পোপ যে বাণী দিয়েছিলেন তা এ ঘটনায় কিছুটা ঢাকা পড়ল।
বৈঠকে অংশগ্রহণকারী তিনজন সিএনএনকে জানায়, পোপ যেভাবে তাদের কাছে ক্ষমা চেয়েছেন, তাদের কথা শুনেছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন, তাতে তারা সত্যিই অভিভূত।
যুক্তরাষ্ট্রে গীর্জায় যৌন কেলেঙ্কারির বিষয়টি চাউর হওয়ার তিন বছর পর ২০০৫ সালের এপ্রিলে পোপ জন পলের উত্তরসূরী হন পোপ ষোড়শ বেনেডিক্ট।
পোপ ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। শুক্রবার ম্যানহাটনের গির্জায় ২৫০ জন প্রোটেসট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে এক প্রার্থনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘে নিয়োজিত ভাটিক্যানের পর্যবেক্ষক আর্চবিশপ কেলেস্টিনো মিগলিওর বলেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো যথেষ্ট সময় পোপের নেই। তাছাড়া তিনি বলেন, "পোপ এ সম্পর্কে শান্তির কথাই বলবেন। এটাই ধরে নেওয়া স্বাভাবিক।"
তিনি আরও বলেন, "সর্বজনীন সত্য এবং মানবতার প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতেই আমাদের ভবিষ্যৎ গড়ে উঠতে হবে। পোপের শাসনও সর্বপোরি অপরিহার্য মূল্যবোধ এবং মৌলিক মানবাধিকারের ওপরই গুরুত্ব দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24