জেনেভা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য সংকটের কারণে বিশ্বের দুই কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আজ নিজদেশে উদ্বাস্তু। জাতিসংঘের উদ্যোগে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
১৯৯৩ সালের পর এটাই বিশ্বে সবচেয়ে বেশি বাস্ত্যুচুতির ঘটনা। সাবেক যুগোস্লাভিয়া ও সোভিয়েন ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওই বছরই রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়।
"নরওয়েয়ান রিফুজি কাউন্সিল" (এনআরসি) প্রকাশিত ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত বছরের শেষে বিশ্বের ৫২টি দেশের যেসব লোক উদ্বাস্তু হয়েছেন তাদের প্রায় অর্ধেক যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের নাগরিক। যেমন: সুদানের ৫৮ লাখ, কলাম্বিয়ার প্রায় ৪০ লাখ এবং ইরাকের ২৫ লাখ।
এনআরসি'র মহাসচিব এলিজাবেথ রাসমুসন বলেন, "নিজ ভূখণ্ডে নাগরিকদের কল্যাণের দায়-দায়িত্ব মাথায় নিয়েও অনেক দেশের সরকার ২০০৭ সালে মানুষের ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার কারণগুলো দূর করার চেষ্টা নেয়নি বা তা দূর করতে সক্ষম হয়নি।"
প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরাকে বাস্তুচ্যুতির হার ২০০৬ সালে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হয়েছে। সেবছর বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় দুই কোটি ৪৫ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24