২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একত্রীকরণ আলোচনার প্রস্তুতি শুরু করছে দুই সাইপ্রাস

তুর্কি ও গ্রিক সাইপ্রাসের একত্রীকরণ বিষয়ে আগামী শুক্রবার থেকে প্রস্তুতিমূলক আলোচনা শুরু করতে যাচ্ছে উভয় পক্ষ। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ মিশন বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

নিকোশিয়া, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুর্কি ও গ্রিক সাইপ্রাসের একত্রীকরণ বিষয়ে আগামী শুক্রবার থেকে প্রস্তুতিমূলক আলোচনা শুরু করতে যাচ্ছে উভয় পক্ষ। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ মিশন বুধবার একথা জানিয়েছে। গ্রিক সাইপ্রাসের প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস ও তুর্কি সাইপ্রাসের নেতা মাহমেত আলী তালাতের প্রধান সহযোগীদের উপস্থিতিতে দুই সাইপ্রাসের বিশেষজ্ঞরা শুক্রবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। উভয় সাইপ্রাসের নেতাই আগামী জুনের মধ্যে চূড়ান্ত আলোচনা শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতিসংঘের মুখপাত্র হোসে দিয়াজ বলেন, "আশা করা হচ্ছে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আলোচনার ওপর ভিত্তি করে আগামী তিন মাসের মধ্যে একত্রীকরণ বিষয়ে চূড়ান্ত আলোচনা শুরু করা যাবে।" গত ফেব্র"য়ারিতে গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস ক্ষমতায় আসার পর দুই সাইপ্রাসের একত্রিকরণের আশা বাড়তে থাকে। ক্ষমতা নিয়েই মার্চে তিনি তুর্কি সাইপ্রাসের নেতা মাহমেত আলী তালাতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা সাইপ্রাসকে অর্ধ শতাব্দি ধরে বিভক্তকারী একটি মহাসড়ক খুলে দেওয়ার বিষয়ে একমত হন। অবশেষে চলতি মাসের প্রথমদিকে লেদরা স্ট্রিট নামের ওই সড়কের ব্যারিকেডটি তুলে দেওয়া হয়। রাস্তাটি খুলে দেওয়া উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাইপ্রাস ও জাতিসংঘের প্রতিনিধিরা। সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার মূল বাণিজ্যিক কেন্দ্রের এই রাস্তাটি খুলে দেওয়ার পরপরই উভয় পারের শত শত মানুষ এক পার থেকে অপর পারে চলে যায়। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। দুই সাইপ্রাসের বিভক্তি নিয়ে গ্রিক ও তুরস্কের মধ্যে দ্বন্দ্বের কারণে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ আটকে আছে। একই কারনে ন্যাটো সদস্যভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১৫ ঘ.