২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য খাবারের দাম যখন আকাশ ছোঁয়া, ভরসা তখন আলু

চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্যের দাম যখন আকাশ ছোঁয়া তখন একদা অপাংক্তেয় আলুই একমাত্র ভরসা। আলু খেয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে মানুষ এতদিন একে অবহেলা করে আসলেও এখন নতুন করে আলুর পুষ্টিগুণ বিচার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন পুষ্টিকর এই খাদ্য যেমন সস্তা তেমন তা বিশ্বের ক্ষুধার্ত জনগোষ্ঠীর পেট ভরাতে সক্ষম। তারা বলছেন, এই আলুই হতে পারে খাদ্য হিসেবে চাল বা গমের বিকল্প। রয়টার্স অবলম্বনে জানাচ্ছেন মাহবুবা ডিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

লিমা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্যের দাম যখন আকাশ ছোঁয়া তখন একদা অপাংক্তেয় আলুই একমাত্র ভরসা। আলু খেয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে মানুষ এতদিন একে অবহেলা করে আসলেও এখন নতুন করে আলুর পুষ্টিগুণ বিচার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন পুষ্টিকর এই খাদ্য যেমন সস্তা তেমন তা বিশ্বের ক্ষুধার্ত জনগোষ্ঠীর পেট ভরাতে সক্ষম। তারা বলছেন, এই আলুই হতে পারে খাদ্য হিসেবে চাল বা গমের বিকল্প। রয়টার্স অবলম্বনে জানাচ্ছেন মাহবুবা ডিনা। আলুর আদি নিবাস পেরুতে হলেও দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের কনকনে ঠাণ্ডা ঊষর ঢাল থেকে শুরু করে এশিয়ার সবুজ সমভূমির সর্বত্রই আলুর চাষ সম্ভব। ঠাণ্ডা কিংবা উষ্ণ সব রকম আবহাওয়াতেই আলু জন্মে। আলু চাষের জন্য খুব অল্প পানির প্রয়োজন হয় এবং মাত্র ৫০ দিনের মধ্যেই তা খাওয়ার উপযোগী হয়। এছাড়াও হেক্টর প্রতি আলুর উৎপাদন চাল বা গমের চেয়ে দুই থেকে চারগুণ বেশি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলু নিয়ে গবেষণা পরিচালনাকারী অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল পট্যাটো সেন্টার ইন লিমা'র (সিআইপি)' পরিচালক পামেলা অ্যান্ডারসন বলেন, "খাদ্য সংকটের এই আঘাত খুবই বাস্তব এবং সম্ভবত আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি যখন বিশ্বের মানুষের খাওয়ার মতো যথেষ্ট খাদ্য থাকবে না।" অন্যান্যদের মতো তিনিও মনে করেন আলু এ সংকট সমাধানের অংশ হতে পারে। বিশ্বব্যাপী খাদ্যসংকটের বর্তমান পরিস্থিতিতে খাদ্য হিসেবে আলুর ওপর জোর দেওয়ার জন্য জাতিসংঘ ২০০৮ সালকে 'আলু বর্ষ' ঘোষণা করেছে। এছাড়াও একে "লুকিয়ে থাকা মহামূল্যবান সম্পদ" হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি। পেরুতে গত বছর গমের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায়, বেকারিগুলোকে আলুর আটা দিয়ে পাউরুটি তৈরীতে উৎসাহ যোগাতে একটি কর্মসূচি হাতে নেয় সরকার। এই কর্মসূচির আওতায় সরকার স্কুলের বাচ্চা, কয়েদি এবং সেনাবাহিনীকে আলুর আটা থেকে তৈরী রুটি দিচ্ছে এবং আশা করছে আলুর আটার রুটি জনগণের নজর কাড়তে সক্ষম হবে। এই পদ্ধতির এক সমর্থক জানান, আলুর রুটি খেতে একদম গমের রুটির মতোই। তবে আলুর আটা তৈরীর জন্য যথেষ্ট কারখানা নেই। পেরুর কৃষিমন্ত্রী ইসমায়েল বেনাভাইডস বলেন, "জনগণের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে।" একইসঙ্গে তিনি আরও বলেন, "গমের দাম যখন কম ছিল তখন মানুষ গমের রুটি খাওয়ায় আসক্ত হয়েছিল।" প্রায় আট ৮,০০০ বছর আগে পেরুর লেক টিটিকাকার কাছে প্রথম আলু চাষ শুরু হলেও পেরুর মানুষ ইউরোপীয়দেও তুলানায় অনেক কম পরিমাণে আলু খায়। আলু খাওয়ার দিক দিয়ে বেলারুশ বিশ্বে সবচেয়ে এগিয়ে। পূর্বইউরোপের এ দেশটির মানুষ প্রতিবছর গড়ে জনপ্রতি ১৭১ কিলোগ্রাম আলু খায়। ওদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন ও ভারত আলু চাষের জোর দিচ্ছে বেশ কিছুদিন ধরেই। জনসংখ্যায় প্রথম হওয়ার পাশাপাশি চীন এখন আলু উৎপাদনের দিক থেকেও বিশ্বের এক নম্বর। দ্বিতীয় জনবহুল দেশ ভারত আগামী ১০ বছরে আলুর ফলন দ্বিগুণ করার জন্য তার খাদ্য বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে। ওদিকে, বিশ্বব্যাপী অনেক ভোক্তাই আলুর দিকে ঝুঁকছেন। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে এখন আলুর চাষ হচ্ছে। যদি এর ভোক্তা বাড়ে তবে আলু চাষ থেকে গরীব চাষীদের অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। এ বিষয়ে আলু গবেষক অ্যান্ডারসন বলেন, "খাদ্য নিরাপত্তা এবং আয় বাড়ানো উভয়ের জন্যই আলু একটি ভালো উপায় বলে দেশগুলো আলুর দিকে দৃষ্টি দিচ্ছে।" বর্তমানে বিশ্বের তৃতীয় গুরত্বর্পূর্ণ খাদ্যশস্য হচ্ছে আলু। চাল এবং গমের পরেই এর অবস্থান। পেরুর পট্যাটো সেন্টারের মতে, আলুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। সেদ্ধ আলুতে ভুট্টার চেয়ে বেশি পরিমাণে আমিষ ও প্রায় দ্বিগুণ ক্যালসিয়াম থাকে। এছাড়াও আলুতে ভিটামিন-সি, আয়রন, পটাসিয়াম এবং জিঙ্কও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩৯ ঘ.