বাগদাদ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দিয়ালা প্রদেশের বাকুবায় প্রাদেশিক সরকারের কার্যালয়ের বাইরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও ৭০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ ধারণা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ এবং হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, রামাদি শহরে গাড়ীবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বোমাটি একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরিত হয়।
ওদিকে, দিয়ালা প্রদেশে সুন্নি ইসলামিক দল আল-কায়েদার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। হামলার ধরণ দেখে সন্দেহ করা হচ্ছে এর পেছনে আল কায়েদার হাত রয়েছে। আল-কায়েদাই সাধারণত গাড়ি বোমা হামলাগুলো চালিয়ে থাকে।
এছাড়াও সোমবার ইরাকের উত্তরাঞ্চলে দুটি আত্মঘাতী গাড়ি বোমায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে ১২জন কুর্দি নিরাপত্তা সেনা। তারা সিরিয়া সীমান্ত দিয়ে যাওয়ার সময় গাড়ি বোমা বিস্ফোরিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৭ ঘ.
bdnews24