বাগদাদ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের উত্তরপূর্বাঞ্চলে নতুন একটি গণকবরের সন্ধান পেয়েছে মার্কিন বাহিনী। সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বাগদাদের ৯০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে দিয়ালা প্রদেশের মুকদাদিয়া এলাকায় ওই গণকবরের সন্ধান পায় মার্কিন সেনারা। গণকবরটিতে ২০ থেকে ৩০টি মৃতদেহ রয়েছে বলে ধারণা করছেন তারা।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, "সব মৃতদেহই প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে, গণকবরটি প্রায় আটমাসের পুরোনো বলে মনে হচ্ছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "যৌথবাহিনী এটা নিশ্চিত করতে পারেনি যে নিহতদের ওপর নির্যাতন চালানো হয়েছিল কি না।"
এর আগে বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণে ৪০টি মৃতদেহসহ একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩৫ ঘ.
bdnews24