কাঠমান্ডু, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে ঐতিহাসিক জাতীয় গণপরিষদ নির্বাচনে মাওবাদীদের বিজয়রথের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সোমবার ঘোষিত ফলাফলে ১৭৮টি আসনের মধ্যে ১০১ টিতে জয়ী হয়েছে তারা। অন্য আরও আটটি আসনে মাওবাদীদেরই জয়লাভের লক্ষণ দেখা যাচ্ছে ভোট গণনায়। তবে এই অগ্রগতি সত্ত্বেও নির্বাচনী পদ্ধতির জটিলতার কারণে মাওবাদীদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনে মধ্য-বামপন্থী ইউএমএল এবং নেপালি কংগ্রেস দলদুটির উভয়েই ২০টির কিছু বেশি আসন পেয়েছে। কমিউস্টি ইউএমএল পেয়েছে ২৪ টি আসন। অন্যদিকে, নেপাল কংগ্রেস পেয়েছে ৩০ টি আসন। দক্ষিণের তেরাই সমভূমির স্বাধিকার আদায়ে সংগ্রামরত সংগঠন 'মাধেশি পিপলস রাইট ফোরাম' সেখানকার ১৫টি আসনে জয় পেয়েছে।
রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে দশকব্যাপী সশস্ত্র আন্দোলন শেষে ২০০৬ সালে সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির মাধ্যমে এই নির্বাচনের ভিত রচনা করে মাওবাদীরা।
শান্তিচুক্তির মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী পার্লামেন্টের ৩২৯ আসনের মধ্যে মাওবাদীদের নিয়ন্ত্রণে ছিল মাত্র ৮৪টি আসন। কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে নেপালের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে তারা।
নির্বাচনে বিপুল বিজয়ের প্রেক্ষিতে মাওবাদী নেতা প্রচন্ড বলেছেন, "আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, কেউ যেন আমাদের বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির প্রতিশ্র"তির বিষয়ে সংশয় পোষণ না করেন।"
নেপালের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে অনেক বিশ্লেষকরা বলছেন, মাওবাদী ও মূলধারার রাজনৈতিক দলগুলো মিলে দেশটিতে 'শান্তি', 'গণতন্ত্র' ও 'অর্থনেতিক সমৃদ্ধি' প্রতিষ্ঠার সংগ্রামে ধাবিত হচ্ছে।
এমন প্রেক্ষাপটে মাওবাদীদের বিশাল বিজয়ের বিষয়ে দেশটির জনপ্রিয় সাময়িকী 'সময়' এর সম্পাদক যুবরাজ ঘিমিরি বলেন, "এসব লক্ষ্য বাস্তবায়নের প্রধান শক্তি হিসেবে মাওবাদীদের চিহ্নিত করেছে মানুষ।"
এ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠিত হবে নেপালে। ওই গণপরিষদ একটি নতুন সংবিধান রচনার মাধ্যমে দেশটিকে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র থেকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে নিয়ে যাবে।
৬০১ সদস্যের 'গণপরিষদ'-এর ২৪০টি আসনে সরাসরি নির্বাচিত হবেন সদস্যরা। ৩৩৫টি আসন দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং ২৬টি আসন পাবেন নতুন মন্ত্রিপরিষদের মনোনীত ব্যক্তিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯২৭ ঘ.
bdnews24