২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় জোট সরকারের মন্ত্রিসভা ঘোষণা করবেন কিবাকি

কেনিয়ায় বহুপ্রতীক্ষিত জোট সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে রোববার। বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে আলোচনার অচলাবস্থা নিরসন হওয়ায় রোববার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

নাইরোবি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ায় বহুপ্রতীক্ষিত জোট সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে রোববার। বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে আলোচনার অচলাবস্থা নিরসন হওয়ায় রোববার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে জানিয়েছে তার কার্যালয়। নাইরোবিতে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে স্থানীয় সময় বিকাল ৪টায় (গ্রিনিচ সময় ১৩০০) প্রেসিডেন্ট কিবাকি জোট সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। এক বিবৃতিতে কিবাকির কার্যালয় জানায়, "প্রেসিডেন্ট কিবাকি এবং সম্মানিত নেতা রাইলা'র মধ্যে আলোচনায় একটি সিদ্ধান্ত হয়েছে। রাইলা রোববার মন্ত্রিসভার নাম ঘোষণার বিষয়ে সম্মত হয়েছেন।" ৭৬ বছর বয়সী কিবাকি এবং ৬৩ বছর বয়সী ওডিঙ্গা শনিবার নাইরোবির ১০০ কিলোমিটার পশ্চিমের 'সাগানা স্টেট লজ'-এ বৈঠকে বসে ওই সমঝোতায় পৌঁছান। গত বছরের ২৭ ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে ১৯৬৩ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক সহিংসতায় জড়িয়ে পড়ে কেনিয়া। কিবাকি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কারচুপির আশ্রয় নিয়েছেন বলে দাবি করে রাজপথে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন বৃহত্তম বিরোধী দল 'অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট' এর নেতা রাইলা ওডিঙ্গা। এ থেকে নিরাপত্তা বহিনীর সঙ্গে সংঘর্ষ এবং গোষ্ঠীদাঙ্গা ছড়িয়ে পড়লে কয়েক সপ্তাহ ধরে চলা ওই সংঘর্ষে প্রায় ১,২০০ কেনীয় প্রাণ হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১৩ ঘ.