২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুসিয়ান ফ্রয়েডের বহুমূল্য চিত্রকর্ম নিলাম হচ্ছে

লন্ডনের ক্রিস্টি নিলাম ঘর ১৩ মে নিউ ইয়র্কে নিলামে তুলবে ব্রিটিশ চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েডের বহুমূল্য চিত্রকর্ম। যেসব জীবিত চিত্রশিল্পীর চিত্রকর্ম নিলাম হয়েছে তার মধ্যে ফ্রয়েডের ছবিটিই সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়বে বলে ধারণা করছে ক্রিস্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

লন্ডন, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লন্ডনের ক্রিস্টি নিলাম ঘর ১৩ মে নিউ ইয়র্কে নিলামে তুলবে ব্রিটিশ চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েডের বহুমূল্য চিত্রকর্ম। যেসব জীবিত চিত্রশিল্পীর চিত্রকর্ম নিলাম হয়েছে তার মধ্যে ফ্রয়েডের ছবিটিই সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়বে বলে ধারণা করছে ক্রিস্টি। 'বেনিফিটস সুপারভাইজর স্লিপিং' নামের এই চিত্রকর্ম ১৯৯৫ সালে আঁকা। বিশাল আকারের এই চিত্রকর্মে দেখা যাচ্ছে, গাট্টাগোট্টা লন্ডন বেনিফিট সুপারভাইসর সু টিলে নগ্ন হয়ে একটা ভাঙা সোফায় গভীর ঘুমে মগ্ন। নিউ ইয়র্কে 'যুদ্ধোত্তর এবং সমসাময়িক শিল্পকলা বিষয়ক' নিলামে উঠবে লুসিয়ান ফ্রয়েডের এই উল্লেখযোগ্য চিত্রকর্ম। এর আগে ১১, ১৪ এবং ১৫ এপ্রিল লন্ডনে ক্রিস্টির চিত্রকর্ম প্রদর্শনীতে এটি প্রদর্শন করা হবে। নিলাম কোম্পানি ধারণা করছে চিত্রকর্মটি ২৫ থেকে ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে। এমন হলে তা এর আগে জীবিত শিল্পী জেফ কুনস এর চিত্রকর্ম 'হ্যাঙগিং হার্ট' বিক্রির রেকর্ডও ছাড়িয়ে যাবে। নিউ ইয়র্কে গত নভেম্বরে ২৩ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল 'হ্যাঙগিং হার্ট'। লন্ডনের ক্রিস্টি নিলাম ঘরের 'যুদ্ধোত্তর এবং সমসাময়িক শিল্পকলা' বিষয়ক প্রধান পিলার অর্ডোভাস বলেন, " প্রথমবারের মতো নিলাম হতে চলা এই চিত্রকর্মটি একাধিকবার ফ্রয়েডের প্রধান শিল্পকর্মগুলোর প্রদর্শনীতে উঠেছে এবং জীবিত শিল্পীদের চিত্রকর্ম নিলামের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।" নিলাম ঘর বলছে, ১৯৯৫ সালে আঁকা এই চিত্রকর্ম 'মানুষ এবং বস্তুর অদম্য ও অনস্বীকার্য শারীরিক উপস্থিতি' সম্পর্কে ফ্রয়েডের চিন্তা-ভাবনার উদাহরণ। এর আগে ২০০৭ সালের নভেম্বরে ফ্রয়েডের অন্য একটি চিত্রকর্ম ১৯ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১৭ ঘ.