২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে ক্ষমতা ধরে রাখতে সামরিক অভ্যুত্থান করছেন: সাভাঙ্গিরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ক্ষমতা আঁকড়ে থাকতে প্রেসিডেন্ট মুগাবে কার্যত সামরিক অভ্যুত্থান করছেন। কিন্তু আফ্রিকান দেশগুলোর সহযোগিতায় তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

হারারে, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ক্ষমতা আঁকড়ে থাকতে প্রেসিডেন্ট মুগাবে কার্যত সামরিক অভ্যুত্থান করছেন। কিন্তু আফ্রিকান দেশগুলোর সহযোগিতায় তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই টাইম ম্যাগাজিনকে বলেন, "আমরা মুগাবেকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবই। তিনি ধীরে ধীরে একা হয়ে পড়ছেন। এই অঞ্চলের কেউ এখন তাকে চায় না। কাজেই তাকে যেতে হবেই।" এমডিসি অভিযোগ করেছে, গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এড়াতে মুগাবে নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব করছেন। নির্বাচনের ফল পাল্টে ফেলতে এই অবসরে তিনি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা নিয়েছেন। একই দিনের নির্বাচনে পার্লামেন্টে নিয়ন্ত্রণ হারিয়েছে মুগাবের জানু-পিএফ পার্টি। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করা হয়নি। সাভাঙ্গিরাই বলেন, "এক দিক দিয়ে এটা কার্যত সামরিক অভ্যুত্থান। জনগণকে ভয় দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনে জেতার প্রস্তুতি হিসেবে তারা সারাদেশে সেনা মোতায়েন করছে। মুগাবে এভাবেই ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।" বিচারমন্ত্রী পেট্রিক সিনামাসা গত শুক্রবার জানিয়েছেন, মুগাবে বা সাভাঙ্গিরাই কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এমডিসি দ্বিতীয় দফায় নির্বাচনের চেষ্টা ও একই সঙ্গে পার্লামেন্টের ১৪টি আসনে পুনরায় ভোট গণনার বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের নেতা সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। নির্বাচন ফল প্রকাশ নিয়ে অচলাস্থার পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়েতে সহিংসতার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক সংগঠন এসএডিসি। এই অবস্থায় আগামী শনিবার এসএডিসি একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। জিম্বাবুয়ে সরকারের এক মন্ত্রী বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মুগাবে বৈঠকে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.