২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নির্বাচনপূর্ব সহিংসতায় এক প্রার্থীসহ ৮ জন নিহত

নেপালে বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে সংঘটিত নির্বাচনপূর্ব বিচ্ছিন্ন সহিংসতায় সাবেক মাওবাদী গেরিলাদের সাত কর্মী এবং কমিউনিস্ট ইউএমএল পার্টির এক প্রার্থী নিহত হয়েছেন। বুধবার নেপালের সরকারি কর্মকর্তা এবং মাওবাদী নেতারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কাঠমান্ডু, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে সংঘটিত নির্বাচনপূর্ব বিচ্ছিন্ন সহিংসতায় সাবেক মাওবাদী গেরিলাদের সাত কর্মী এবং কমিউনিস্ট ইউএমএল পার্টির এক প্রার্থী নিহত হয়েছেন। বুধবার নেপালের সরকারি কর্মকর্তা এবং মাওবাদী নেতারা একথা জানিয়েছেন। ১০ এপ্রিলের এ নির্বাচন ১৯৯৯ সালের পর নেপালে অনুষ্ঠেয় প্রথম জাতীয় নির্বাচন। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। এ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে নেওয়া। বিশেষজ্ঞ এবং কূটনীতিকরা বলছেন, নির্বাচনপূর্ব এই সহিংসতার ফলে এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মাওবাদীদের সঙ্গে ২০০৬ সালে সরকারের সম্পাদিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নির্বাচন। ওই চুক্তির আওতায় সাবেক মাওবাদী গেরিলা তাদের দশকব্যাপী সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। মাওবাদীরা জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস পার্টির একজন প্রার্থী নেপালের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার রাতে পুলিশকে তাদের কর্মীদের গুলি করার নির্দেশ দেয়। এতে তাদের ছয় কর্মী নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোদরাজ দোতেল জানান, ঘটনাস্থল থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। নেপালের শান্তি প্রক্রিয়া এবং এ নির্বাচন পর্যবেক্ষণরত জাতিসংঘ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দোতেল আরও জানান, পার্শ্ববর্তী সুরখেত জেলায় পৃথক এক ঘটনায় কমিউনিস্ট ইউএমএল পার্টির এক প্রার্থী নিহত হয়েছেন। নির্বাচনের প্রার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার মাওবাদী এবং ইউএমএল কর্মীরা বিক্ষোভ করেছে। মাওবাদীরা জানিয়েছে, এ বিক্ষোভে পুলিশের গুলিতে তাদের এক কর্মী নিহত হয়েছে। এ নিয়ে নেপালে নির্বাচনপূর্ব সহিংসতায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হল। নির্বাচনী সহিংসতায় প্রাণহানি এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১০ এপ্রিলের এ সাধারণ নির্বাচনে প্রায় এক লাখ ৩৫ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কড়া নিরপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গত শনিবার থেকেই বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪২৮ ঘ.