বাগদাদ, এপ্রিল, ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর মঙ্গলবার যুদ্ধবিরতি অবসানের হুমকি দিয়েছেন। গত বছর সদর তার মিলিশিয়া বাহিনী মেহেদি আর্মির যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এখন সেটিই তিনি তুলে নেওয়ার হুমকি দিলেন। এতে করে ইরাকে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সদর তার মেহেদি আর্মিকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জিহাদ এবং প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এটি মার্কিন সেনাদের ওপর তার পুরোদস্তুর হামলার ডাক কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
মেহেদি আর্মি ভেঙে না দেওয়া হলে সদর মুভমেন্টকে রাজনীতিতে নিষিদ্ধ করা হবে--- প্রধানমন্ত্রী মালিকির এ আহ্বানের একদিন পরই যুদ্ধবিরতি অবসানের ওই হুমকি দিলেন সদর।
এক বিবৃতিতে সদর বলেন, "ইরাক সরকারের জানা উচিত যে, ইরাকি জনগণকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং স্বাধীনতা দিতে মেহেদি আর্মি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে। এ লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে যুদ্ধবিরতি তুলে নেওয়ার প্রয়োজন পড়লে আমরা পরবর্তীতে তাইই করব।"
সদর বিবৃতিতে একইসঙ্গে জানান, তিনি বুধবারের যুক্তরাষ্ট্রবিরোধী ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা আপাতত পিছিয়ে দিচ্ছেন। ইরাকি জনগণের রক্তক্ষয়ের আশঙ্কাতেই তা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২ঘ.
bdnews24