হারারে, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে বিরোধীদলের আবেদনকে জরুরি বলে মঙ্গলবার রুল জারি করে শুনানি শুরু করেছে জিম্বাবুয়ের হাইকোর্ট।
বিরোধীদলের আবেদনের শুনানি নিয়ে আইনি জটিলতায় ইতিমধ্যে চারদিন কেটে গেছে এবং আরও কয়েকদিন যেতে পারে। এই অচলাবস্থার মধ্যে দেশটির জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নির্বাচনের ফল জানার জন্য। নির্বাচনে জিতে প্রেসিডেন্ট মুগাবে ক্ষমতায় থাকবেন নাকি দ্বিতীয় দফায় আবার নির্বাচন হবে, এটাই এখন তাদের জানার বিষয়।
বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মরগান সাঙ্গাভিরাই দাবি করেছেন, তিনি নির্বাচনে জিতেছেন এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা উচিৎ। কিন্তু মুগাবে সরকার নির্বাচনের ফল ঘোষণা না করে কালক্ষেপণ করছে।
বিরোধীদলের আবেদন সম্পর্কে বিচারক তেন্দাই উছেনা বলেন, "আমার কাছে মনে হয়েছে তাদের আবেদনটি অতি জরুরি। মামলাটি দ্রুত মীমাংসা করা উচিৎ।"
বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই গত শনিবার অভিযোগ করেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি জঙ্গি ও যুদ্ধাপরাধিদের সংগঠিত করছেন।
তিনি আরও বলেন, "মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলতে চান। এজন্য তিনি দ্বিতীয় দফায় নির্বাচনের আগে জঙ্গি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদরে সংগঠিত করে জনগণের বিরুদ্ধে সহিংসতার প্রস্তুতি নিচেছন।"
জঙ্গিদের সংগঠিত করতে কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান দিচ্ছে বলে তিনি জানান।
এমডিসি জানিয়েছে, গত সপ্তাহের নির্বাচনে পার্লামেন্টের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তারা জিতেছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হচ্ছে না।
জিম্বাবুয়েতে গত শনিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৫ ঘ.
bdnews24