২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানাকে হত্যার ষড়যন্ত্র উড়িয়ে দেওয়া যায় না: ফায়েদ

পাপারাজ্জিদের উৎপাত আর গাড়িচালকের অবহেলাকে প্রিন্সেস ডায়ানা এবং দোদির মৃত্যুর কারণ বলে আদালত রায় দিলেও তাদেরকে হত্যার ষড়যন্ত্র উড়িয়ে দিচ্ছেন না দোদির বাবা। বরং ওই ঘটনায় ব্রিটিশ নিরাপত্তা সংস্থার হাত থাকতে পারে বলে মঙ্গলবার দাবি করেছেন মোহাম্মদ আল-ফায়েদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

লন্ডন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাপারাজ্জিদের উৎপাত আর গাড়িচালকের অবহেলাকে প্রিন্সেস ডায়ানা এবং দোদির মৃত্যুর কারণ বলে আদালত রায় দিলেও তাদেরকে হত্যার ষড়যন্ত্র উড়িয়ে দিচ্ছেন না দোদির বাবা। বরং ওই ঘটনায় ব্রিটিশ নিরাপত্তা সংস্থার হাত থাকতে পারে বলে মঙ্গলবার দাবি করেছেন মোহাম্মদ আল-ফায়েদ। দোদির বাবা মোহাম্মদ আল-ফায়েদের মুখপাত্র ক্যাথেরিন বিবিসিকে বলেন, "ওই হত্যাকান্ডের সঙ্গে এম-১৬'র হাত থাকতে পারে।" এম-১৬ ব্রিটেনের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। গত সোমবার লন্ডন আদালত রায় দিয়েছে যে, পাপারাজ্জিদের উৎপাত আর গাড়ি চালকের অবহেলার কারণে ডায়না ও দোদির মৃত্যু হয়েছে। লন্ডন হাইকোর্টের ১১ জন বিচারকের সমন্বয়ে গঠিত তদন্ত দল ছয় মাস তদন্ত শেষে সোমবার এই রায় দেয়। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ডায়ানা ও দোদি গাড়িচালকসহ নিহত হন। ফরাসি ও ব্রিটিশ কর্মকর্তারা তদন্ত শেষে ওই সময় জানিয়েছিলেন, ফটোগ্রাফারদের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালাতে গিয়ে ওই দুর্ঘটনায় তারা নিহত হন। কিন্তু দোদির বাবা মোহাম্মদ আল-ফায়েদ আদালতে অভিযোগ করেন, ব্রিটিশ রাজ পরিবারের নির্দেশেই দোদি ও তার প্রেমিকা ডায়ানাকে হত্যা করা হয়েছে। রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ এই নির্দেশ দেন। তার দাবি অনুযায়ী, ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন এবং দোদিকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু মুসলমান পিতার ঔরসে ডায়ানার সন্তানের জন্ম হবে ব্রিটিশ রাজপরিবার তা মেনে নিতে পারেনি। এজন্য ষড়যন্ত্র করে তাদের হত্যা করা হয়। ফায়েদের মুখপাত্র ক্যাথরিন বিবিসিকে বলেন, "ডায়ানা ও দোদি হত্যাকাণ্ডের পেছনে রাজ পরিবারের হাত থাকা খুবই সম্ভব।" তবে বিচারক স্কট বেকার জানিয়েছেন, ফায়েদের অভিযোগের স্বপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সোমবারের আদালতের রায়ের পর এক বিবৃতিতে ফায়েদ বলেন, "ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়েছে, এ কথা আমি একা বলছি না। ডায়ানা নিজেও আশঙ্কা করেছিলেন, তাকে হত্যা করা হতে পারে। কাজেই আদালতের রায়ে আমি হতাশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১১ ঘ.